বিটিভিতে শুরু হচ্ছে নিয়মিত মঞ্চনাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এত দিন বিচ্ছিন্নভাবে মঞ্চনাটক প্রচারিত হলেও নতুন নিয়মে মঞ্চনাটক প্রচার শুরু হতে যাচ্ছে বাংলাদেশ টেলিভিশনে। দীর্ঘদিন ধরে নাট্যকর্মীদের দাবির পরিপ্রেক্ষিতে সম্প্রতি বিটিভির মহাপরিচালকের সঙ্গে ফেডারেশনের নেতাদের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। প্রতি মাসের দুই সপ্তাহে দুটি করে মঞ্চনাটক বিটিভিতে প্রচারিত হবে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক আবু জাফর সিদ্দিকী, ব্যবস্থাপক রিয়াজ উদ্দিন বাদশা, ফেডারেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী লাকী, সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী, অ্যাসিসস্ট্যান্ট সেক্রেটারি আক্তারুজ্জামান, ঢাকা মহানগর সাংগঠনিক সভাপতি আহাম্মদ গিয়াস, অর্থসম্পাদক শাহ আলম দুলাল প্রমুখ। এদিকে প্রতি মাসে ফেডারেশনভুক্ত দল থেকে যেসব নাটক প্রচার করা হবে, তার জন্য মান নির্ণয় করবে বাংলাদেশ টেলিভিশন থেকে একজন এবং ফেডারেশন থেকে চারজনকে নিয়ে গড়া মাননির্ধারণ কমিটি। গত ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ টেলিভিশনে মঞ্চনাটক প্রচার শুরু হলেও তা চলছে অনিয়মিতভাবে। ফেডারেশন সূত্রে জানা গেছে, বাংলাদেশ টেলিভিশনে এখনো অর্থ বরাদ্দ না হওয়ার কারণে এ সমস্যা সৃষ্টি হয়েছে। ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী লাকী বলেন, আগামী জুন মাস নাগাদ অর্থ বরাদ্দ হবে, তখন থেকে নিয়মিতই মঞ্চনাটক প্রচার শুরু হবে। এদিকে বিটিভির এ ধরনের সিদ্ধান্তকে মঞ্চনাটকের জন্য একটা ইতিবাচক দিক হিসেবে দেখছেন ফেডারেশনের নেতারা। লিয়াকত আলী লাকী বলেন, বাংলাদেশ টেলিভিশন একটি জাতীয় প্রতিষ্ঠান। বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য এখানে রাজধানীভিত্তিক সংগঠনগুলোই বেশি সুযোগ-সুবিধা পায়। কিন্তু ফেডারেশনের তত্ত্বাবধানে মঞ্চনাটক প্রচার শুরু হওয়ার কারণে ঢাকার বাইরের দলগুলোও এখানে নাটক করার সুযোগ পাবে। এতে বাইরের দলগুলোর নাটক করার উৎসাহও বাড়বে। ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী বলেন, এখন থেকে বিটিভিতে মঞ্চনাটক প্রচারের সুযোগ হওয়ায় দলগুলো দুটি বিষয়ে লাভবান হবে। একদিকে যেসব নাটকের দল বিটিভিতে নাটক করার সুযোগ পাবে, সেসব দল অর্থের সুবিধা পাবে, অন্যদিকে মঞ্চনাটকের পরিচিতি বাড়বে। তিনি আরও বলেন, বিটিভিতে মঞ্চনাটক প্রচারিত হওয়ার কারণে গ্রামগঞ্জের দর্শকও তা দেখার সুযোগ পাবে। এতে মঞ্চনাটকের দর্শকও বাড়বে। ফলে একটা সময় গ্রামে ও মফস্বল শহরে যেসব নাট্যদল নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল, সেসব দল নতুন করে জেগে উঠতে উৎসাহিত হবে। অ্যাসিসট্যান্ট সেক্রেটারি আক্তারুজ্জামান বলেন, ‘বিটিভি কর্তৃপক্ষের সঙ্গে আমাদের খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে। এ সরকারের শুরুতেই তারা মঞ্চনাটক প্রচার শুরু করে। নতুন করে ফেডারেশনের সহযোগিতা নিয়ে তারা নিয়মিত মঞ্চনাটক প্রচার করতে চায়।’এর আগে আশির দশকে বাংলাদেশ টেলিভিশনে মঞ্চনাটকের প্রচার শুরু হয়। কিন্তু রাজনৈতিক কারণে একাধিকবার এই প্রচার বন্ধ থেকেছে। একাধিকবার বন্ধ থাকার পর ১৯৯৬ সালের পর থেকে আবারও নিয়মিত শুরু হয়। পরে রাজনৈতিক পটপরিবর্তনের পর আবার বন্ধ হয়ে যায়। এবার নতুন সরকার ক্ষমতায় আসার পর বিটিভি কর্তৃপক্ষ নিজ উদ্যোগে বিটিভিতে মঞ্চনাটক প্রচার শুরু করে। সম্প্রতি বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আহ্বানে বিটিভি কর্তৃপক্ষ তাদের সঙ্গে বৈঠক করে ফেব্রুয়ারি থেকে অনয়িমিতভাবে মঞ্চনাটক প্রচার শুরু করেছে। আগামী জুন মাস থেকে তা নিয়মিত প্রচারে চলে যাবে।