বিটিভিতে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হবে আজ। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানা গেছে, মূল অনুষ্ঠান শুরু হবে বিকেল সাড়ে পাঁচটায়। তবে বিটিভি আধঘণ্টা আগে থেকেই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার শুরু করবে। তবে এই আধা ঘণ্টা কী দেখানো হবে, তা জানা যায়নি।তথ্য মন্ত্রণালয় ও বিটিভি সূত্রে জানা গেছে, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান শুরু হবে ‘শোনো একটি মুজিবরের থেকে’ গানের সঙ্গে শামীম আরা নীপা ও শিবলী মহম্মদের নাচের মধ্য দিয়ে। আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া। এ ছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকবে গান, নাচ, নাটিকাসহ আরও কিছু। গান করবেন রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন ও কনকচাঁপা। ভিডিও পাইরেসি নিয়ে নাট্যাংশে অংশ নেবেন এ টি এম শামসুজ্জামান, টেলিসামাদ, মিজু আহমেদ, ড্যানি সিডাক ও দিলারা। থাকবে শাকিব খান ও অপু বিশ্বাসের পরিবেশনা। চারটি ছবির গানের সঙ্গে অভিনয় করবেন চলচ্চিত্রের নতুন শিল্পীরা। থাকবে একটি তথ্যচিত্র। এটি নির্মাণ করেছেন রানা হামিদ। অনুষ্ঠান শেষ হবে ‘জয় বাংলা বাংলার জয়’ গানের মধ্য দিয়ে। আর এই গানে কণ্ঠ দেবেন পুরস্কারপ্রাপ্ত শিল্পী ও মিলনায়তনে উপস্থিত সবাই। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন ফেরদৌস ও মৌসুমী। প্রযোজনা করবেন মনোজ সেনগুপ্ত ও নাসিরউদ্দিন সারোয়ার। সার্বিক তত্ত্বাবধানে আছেন কাজী আবু জাফর সিদ্দিকী ও রিয়াজউদ্দিন শেখ বাদশা।