বিটিভির ঈদের অনুষ্ঠান যাচাই-বাছাই শুরু হচ্ছে এ সপ্তাহেই
ঈদ উপলক্ষে বিটিভি সাত দিন বিশেষ অনুষ্ঠান প্রচার করবে। এর মধ্যে বেশির ভাগই বেসরকারি পর্যায়ে নির্মিত নাটক, টেলিছবি, ম্যাগাজিন ও অন্যান্য অনুষ্ঠান। বিটিভিতে ঈদে দেখানোর জন্য অনুষ্ঠান জমা দেওয়ার শেষ সময় ছিল ৫ আগস্ট। বিটিভির একটি ঊর্ধ্বতন সূত্র জানিয়েছে, এবার ৮৮টি নাটক, ১৪টি টেলিছবি ও ১৩টি ম্যাগাজিন অনুষ্ঠান জমা পড়েছে। এ সপ্তাহেই এসব অনুষ্ঠান প্রাক-বীক্ষণ (প্রিভিউ) শুরু হবে।তথ্য মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ঈদের অনুষ্ঠান প্রাক-বীক্ষণের জন্য গতকাল সোমবার একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির মতামতের ওপর ভিত্তি করেই বিটিভির ঈদের অনুষ্ঠান চূড়ান্ত করা হবে।বিটিভির মহাপরিচালক কাজী আবু জাফর সিদ্দিকী বলেন, ‘আমাদের চেষ্টা থাকবে বেশি বেশি নাটক ও টেলিছবি প্রচার করার। কিন্তু অবশ্যই মানসম্পন্ন অনুষ্ঠান প্রচার করব।’জানা গেছে, এবার ঈদে বিটিভিতে বেসরকারি উদ্যোগে নির্মিত মোট ২০টি নাটক, ছয়টি টেলিছবি ও পাঁচটি ম্যাগাজিন অনুষ্ঠান প্রচারের সুযোগ দেওয়া হবে।