বিটিভির দর্শক-শ্রোতা এখনো বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্ট বাংলাদেশে টিভি দর্শকদের ওপর এক মতামত জরিপ চালিয়ে দেখেছে, এখনো এ দেশের মোট জনসংখ্যার বেশির ভাগই বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) দেখে। জরিপে দেখা গেছে, ২০০৮ সালে দেশের মোট জনসংখ্যার ৬৮ শতাংশ বিটিভি দেখেছে। ২০০৯ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৭০ শতাংশে। বিটিভির উপমহাপরিচালক (অনুষ্ঠান) খ ম হারুণ বলেন, ‘নিঃসন্দেহে এটি আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। নানা সীমাবদ্ধতার মধ্য দিয়েও মন্ত্রণালয়ের সহযোগিতায় আমরা গত বছর কাজ করেছি এবং দর্শক যেমন বেড়েছে তেমনি আমাদের রাজস্ব আয়ও বেড়েছে।’জনমত জরিপে দেখা গেছে, দেশের মোট জনসংখ্যার ৩৪ শতাংশ স্যাটেলাইট টিভি অনুষ্ঠান দেখছে। এ ছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে আনুপাতিক হারে দেখা গেছে, সারা দেশে বিটিভির মোট দর্শক ৮৪ শতাংশ। স্যাটেলাইট টিভি চ্যানেলের দর্শকসংখ্যা ৩৪ শতাংশ। তবে বিভাগীয় অঞ্চলগুলোয় স্যাটেলাইট টিভি চ্যানেলগুলো এগিয়ে রয়েছে। এখানে স্যাটেলাইট টিভি দেখে ৭০ শতাংশ। বিটিভি দেখে থাকে ৬৬ শতাংশ। জেলা শহর বা শহরাঞ্চলে বিটিভি ও স্যাটেলাইট টিভির দর্শকের সংখ্যা সমানে সমান। এ সংখ্যা হচ্ছে ৬৯ শতাংশ। অন্যদিকে গ্রামাঞ্চলে ৮৯ শতাংশ দেখছে বিটিভি এবং স্যাটেলাইট টিভি অনুষ্ঠান দেখছে ১৮ শতাংশ। জরিপের তথ্য অনুযায়ী, বিটিভির গড়ে প্রতিদিন দর্শক ছয় কোটি ৪৪ লাখ। স্যাটেলাইট টিভির গড়ে প্রতিদিন দর্শক তিন কোটি ৭৭ লাখ।