বিতর্ক থেকে উপস্থাপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নুসরাত ফারিয়া
নুসরাত ফারিয়া

স্কুলে ছিলেন বিতার্কিক। বাংলাদেশ টেলিভিশনের ‘জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা’য় পর পর দুবার চ্যাম্পিয়ন হয় তাঁর স্কুল। তিনি ছিলেন দলনেতা। দুবারই শ্রেষ্ঠ বক্তা হয়েছেন। এখন উপস্থাপক। মাত্র দুই বছরে ছোট-বড় মিলিয়ে প্রায় পাঁচ শ অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। তিনি নুসরাত ফারিয়া। উপস্থাপনার পাশাপাশি ফারিয়া কাজ করছেন বিজ্ঞাপনচিত্রে। সামনে অভিনয় করবেন চলচ্চিত্রে। 
সম্প্রতি একটি রিয়েলিটি শো উপস্থাপনা করেছেন ফারিয়া। চ্যানেল আইয়ের এই রিয়েলিটি শো ‘ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম-দ্য আলটিমেট ম্যান’। রিয়েলিটি শোটির গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠােনর মহড়ার ফাঁকে তাঁর সঙ্গে কথা হয় গুলশানের একটি কফি শপে।
শুরুতেই উপস্থাপক হওয়ার গল্প। ফারিয়া বললেন, ‘উপস্থাপক হওয়ার কোনো ইচ্ছে ছিল না। স্কুলে বিতর্ক করতাম। নাচের জন্যও স্কুলে আমার আলাদা একটা পরিচিতি ছিল। ২০১০ সালে এসএসসি পাস করার পর রাজউক উত্তরা মডেল কলেজে ভর্তি হই। দুই বছর শুধুই পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম। বাবা-মায়ের চাওয়া ছিল, আমি যেন গোল্ডেন এ পাই। তাঁদের আশা পূরণ করেছি। এইচএসসি পাসের পর মনে হলো, যেহেতু ভালোভাবে কথা বলতে পারি, তাহলে তো অনুষ্ঠান উপস্থাপনার চেষ্টা করতেই পারি।’
এবার উপস্থাপনার সুযোগ পাওয়া। ফারিয়া বলেন, ‘শুরুতেই কাজ করেছি আরটিভির বাচ্চাদের অনুষ্ঠানে। কুইজের অনুষ্ঠানটি হলো “ঠিক বলছেন তো?”। বড় সুযোগ আসে ২০১২ সালের শেষ দিনে। বর্ষ বিদায় উপলক্ষে কক্সবাজারে এনটিভির বিচ কনসার্ট অনুষ্ঠান উপস্থাপনার সুযোগ পাই। ওই রাতে লাখো মানুষের সামনে উপস্থাপনা করতে দারুণ লেগেছিল। আর্মি স্টেডিয়ামে সুনিধি চৌহানের কনসার্টের টিকিটের জন্য ব্যস্ত হয়ে পড়েছিলাম। মজার ব্যাপার হলো, পরে অনুষ্ঠানটি কিন্তু আমিই উপস্থাপনা করেছি। এই একটি অনুষ্ঠান আমাকে উপস্থাপক হিসেবে পরিচিত করে দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রাখে।’
এরপর ফারিয়ার শুধুই এগিয়ে যাওয়া।
ফারিয়ার উপস্থাপনার ক্ষেত্রে বাংলা আর ইংরেজির মিশ্রণের অভিযোগ রয়েছে। ফারিয়া বলেন, ‘বর্তমান প্রজন্মটাই এমন। তারা এভাবেই কথা বলতে অভ্যস্ত। আমি কিন্তু একুশে ফেব্রুয়ারিতে প্রথম আলোর “বর্ণমেলা” অনুষ্ঠান উপস্থাপনা করেছি। সেখানে একটি ইংরেজি শব্দও ব্যবহার করিনি।’
এক বছরের মধ্যে ফারিয়া আটটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন। এটাকে তিনি নিজের বড় অর্জন বলে মনে করছেন।
নুসরাত ফারিয়া চলচ্চিত্রে অভিনয়ের জন্যও চুক্তিবদ্ধ হয়েছেন। ছবির নাম মরীচিকা। ছবির কাজ এখনো শুরু হয়নি। আরও কয়েকজন প্রযোজক ও পরিচালক এরই মধ্যে তাঁদের ছবিতে ফারিয়াকে নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। এই প্রস্তাবগুলোও বিবেচনা করছেন ফারিয়া।
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ ষষ্ঠ সেমিস্টারের ছাত্রী নুসরাত ফারিয়া। সফল করপোরেট নারী ব্যক্তিত্ব হওয়ার স্বপ্ন দেখেন। বললেন, ‘পড়াশোনা ছাড়া বিকল্প কিছু নাই। এটা আমার বড় শক্তি। অস্ট্রেলিয়ার কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ার পরিকল্পনা করছি। তবে কথা দিচ্ছি, অবশ্যই দেশে ফিরব।’