বিতর্কে ঐশ্বরিয়া, ভয়ে রানী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের বিরোধিতায় নেমেছে বাল ঠাকরের ভাইপো রাজ ঠাকরের দল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। ঐশ্বরিয়াকে নিয়ে এ বিতর্কের সূত্রপাত হৃতিক রৌশনের সঙ্গে সদ্য মুক্তি পাওয়া ছবি ‘গুজারিস’কে ঘিরে। রাজের দলের বক্তব্য, ছবিতে মুখে সিগারেট নিয়ে সারা মুম্বাই শহর ঘুরে বেড়াচ্ছে ঐশ্বরিয়া রাই বচ্চন। আর স্কুলের বাচ্চারা তা দেখছে। এটা কোনো অবস্থাতেই ঠিক নয়। এতে নতুন প্রজন্মের বিপথে যাওয়ার আশঙ্কা বেশি। ছবিটির প্রচারণার জন্য মুম্বাইয়ের বেশ কিছু বাসে বিজ্ঞাপনও দেওয়া হয়েছে। আর ঐশ্বরিয়ার মুখে সিগারেট-সংবলিত ওই সব বিজ্ঞাপন পুরো মুম্বাই শহর ঘুরে বেড়াচ্ছে। ওই বিজ্ঞাপনে ঐশ্বরিয়া রাই বচ্চনের মুখে সিগারেট ও তা থেকে ধোঁয়ার লম্বা কুণ্ডুলি উড়তে দেখা গেছে। ঐশ্বরিয়ার ওই বিজ্ঞাপনটি নিয়ে শুধু রাজের দল নয়, মুম্বাই শহরের অন্য শ্রেণী-পেশার লোকজনও প্রতিবাদ জানিয়েছে। এদিকে ধূমপানরত ঐশ্বরিয়ার ওই ছবিটির বিরুদ্ধে এ ধরনের প্রচারণায় বেশ ভড়কে গেছেন বলিউডের আরেক অভিনেত্রী রানী মুখার্জি। এ বিষয়ে রানী বলেন, ‘অনেক দিন পর আমার “নো ওয়ান কিলড জেসিকা” ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। ছবিটিতে আমাকে একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। আর গল্পের প্রয়োজনে বিভিন্ন সময় দেখা যাবে সিগারেট ফুঁকতে। কিন্তু ভয় হচ্ছে, সিগারেট ফুঁকার কারণে না জানি মুক্তির আগেই ছবিটিকে কোনো ঝামেলায় পড়তে হয়! তাই বলতে পারেন কিছুটা ভয়ে আছি।’