বিতর্কে বাদ 'জাগো হুয়া সাভেরা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘জাগো হুয়া সাভেরা’ ছবির একটি দৃশ্য
‘জাগো হুয়া সাভেরা’ ছবির একটি দৃশ্য

মুম্বাই চলচ্চিত্র উৎসব থেকে বাদ পড়ল ১৯৫৮ সালে মুক্তি পাওয়া তৎ​কালীন পাকিস্তানি ছবি ‘জাগো হুয়া সাভেরা’। উৎসবের ওয়েবসাইট থেকে জানা গেছে, মুম্বাই চলচ্চিত্র উৎসবের ক্ল্যাসিক বিভাগে দেখানোর কথা ছিল ছবিটা। শেষ পর্যন্ত উৎসবের জুরি সদস্যরা প্রদর্শনী থেকে বাদ দিয়েছেন এই ছবিটিকে।
২০ অক্টোবর থেকে মুম্বাইয়ে শুরু হচ্ছে চলচ্চিত্র উৎ​সব। উৎসব কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘এই মুহূর্তে পাকিস্তান ও ভারতের সম্পর্কে টানাপোড়েন চলছে। এই বিতর্ককে আরও উসকে দিতে পারে ছবিটির প্রদর্শনী। তাই চলচ্চিত্রের ক্ল্যাসিক বিভাগ থেকে এটি সরানো হয়েছে।’
পাকিস্তানে তখন চলছিল আইয়ুব খানের সেনাশাসন। ১৯৫৯ সালে মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পদ্মা নদীর মাঝি’ উপন্যাস অবলম্বনে নির্মিত ‘জাগো হুয়া সাভেরা’ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেন খান আতাউর রহমান। তাঁর বিপরীতে ছিলেন কলকাতার তৃপ্তি মিত্র। এই ছবির মাধ্যমে সহকারী পরিচালক হিসেবে জহির রায়হানের অভিষেক হয়। ঢাকার অদূরে একটি জেলেপাড়ায় ছবিটির শুটিং হয়। উর্দু কবি ফয়েজ আহমেদ ফয়েজের চিত্রনাট্যে এটি পরিচালনা করেন এ জে কারদার। কমিউনিস্ট ভাবধারার কারণে ফয়েজের জেল হয়, বিতর্ক জন্ম নেয়। তবুও অস্কারের জন্য মনোনীত হয় পাকিস্তানি ছবি ‘জাগো হুয়া সাভেরা’। ছবিটি ১৯৫৯ সালে মস্কোর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বর্ণপদক লাভ করে। পেয়েছিল আরও বেশ কিছু পুরস্কার। 

অক্টোবর মাসের ২০ তারিখ থেকে শুরু হবে ‘জিও মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যাল’, শেষ হবে ২৭ তারিখ। উৎসবে ৫৪ দেশের ১৮০টি ছবি দেখানো হবে। মুম্বাই মিরর ও দ্য হিন্দু ও উইকিপিডিয়া।