বিতর্কে 'বৃহন্নলা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃহন্নলা ছবির দৃশ্যে সোহানা সাবা ও ফেরদৌস
বৃহন্নলা ছবির দৃশ্যে সোহানা সাবা ও ফেরদৌস

বৃহন্নলা ছবিটি তৈরি হয়েছে সৈয়দ মুস্তাফা সিরাজের ‘গাছটা বলেছিল’ গল্প অবলম্বনে। এমন অভিযোগ উঠেছে ছবির প্রযোজক, পরিচালক, কাহিনিকার ও সংলাপ রচয়িতা মুরাদ পারভেজের বিরুদ্ধে। ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪’-এ সেরা ছবির পুরস্কার পাচ্ছে বৃহন্নলা। পাশাপাশি ছবিটি সেরা কাহিনি ও সেরা সংলাপ রচনার জন্য পুরস্কার পাচ্ছে। এরপর অভিযোগটি আরও জোরালো হয়।
‘বাবার গল্প নিয়েছেন বাংলার পরিচালক’—ভারতের টাইমস অব ইন্ডিয়া পত্রিকায় ২০১৫ সালের ৪ সেপ্টেম্বর সৈয়দ মুস্তাফা সিরাজের বড় ছেলে অভিজিৎ সিরাজের অভিযোগ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে অভিযোগটি অস্বীকার করেছিলেন মুরাদ পারভেজ। সেখানে তিনি বলেছিলেন, ‘ছবিটি সম্পূর্ণ আমার মৌলিক গল্প নিয়ে।’
অভিজিৎ সিরাজ কলকাতায় দৈনিক প্রতিদিন পত্রিকার সহকারী বার্তা সম্পাদক। গতকাল শনিবার সকালে মুঠোফোনে তিনি বলেন, ‘আমি ছবিটি দেখিনি। যাঁরা ছবিটি দেখেছেন এবং গল্পটি পড়েছেন, তাঁদের কাছ থেকে শুনেছি বাবার গল্প নিয়েই তৈরি হয়েছে ছবিটি। কিন্তু ছবিতে তা স্বীকার করা হয়নি কিংবা বাবার প্রতি কোনো কৃতজ্ঞতা জানানো হয়নি।’
এ ব্যাপারে কোনো আইনগত পদক্ষেপ নেওয়া হবে কি না, জানতে চাইলে অভিজিৎ সিরাজ বলেন, ‘আমরা চাই না কোনো জলঘোলা হোক। আমরা কোনো আইনি পদক্ষেপ নিচ্ছি না।’
এর আগে সৈয়দ মুস্তাফা সিরাজের ‘রানীর ঘাটের বৃত্তান্ত’ গল্প নিয়ে মুরাদ পারভেজ তৈরি করেন তাঁর চন্দ্রগ্রহণ ছবিটি। অভিজিৎ সিরাজ বলেন, ‘মুরাদ ওই কাজটি বাবার কাছ থেকে অনুমতি নিয়েই করেছিলেন। এখন বাবা বেঁচে নেই। এবার তিনি আমাদের সঙ্গে আলাপ করে নিলেই পারতেন। তাহলে আর এত কথা হতো না। এটা তো তাঁর জন্যও অসম্মানের।’
অভিজিৎ সিরাজ বলেন, ‘গাছটা বলেছিল’ সৈয়দ মুস্তাফা সিরাজের ৫০টি শ্রেষ্ঠ গল্প ও গল্পসমগ্র বইয়ে রয়েছে।
এসব অভিযোগের ব্যাপারে মুরাদ পারভেজ বলেন, ‘চন্দ্রগ্রহণ ছবি তৈরির আগে সৈয়দ মুস্তাফা সিরাজের অনেক লেখা আমি পড়েছি। আমার অবচেতন মনে ছবির কোনো ঘটনা যদি মিলে যায়, তাহলে আমি দুঃখিত। তবে আমি জেনেশুনে ওই গল্প থেকে কিছু নিইনি। আমি সব সময় পড়াশোনার মধ্যেই থাকি। আমার লেখায় কারও কোনো ঘটনার ছাপ পড়তেই পারে। যখন বুঝতে পারি, তখন তা এড়িয়ে চলি। বৃহন্নলা ছবির ক্ষেত্রে আমার তা মনে হয়নি।’
তিনি আরও বলেন, ‘সৈয়দ মুস্তাফা সিরাজের গল্পে একটি গাছের ঐশ্বরিক ক্ষমতা দেখানো হয়েছে। আর বৃহন্নলা ছবিতে একটি গাছকে ঘিরে গ্রাম্য রাজনীতি তুলে ধরেছি। আমি ছবিতে দখলের রাজনীতি দেখাতে চেয়েছি। আদর্শগত কোনো মিল হয়তো থাকতেই পারে, কিন্তু বৃহন্নলা কাহিনি এবং ছবির চরিত্রগুলোর সঙ্গে কেউ ওই গল্পের কোনো মিল খুঁজে পাবেন না।’
এদিকে বৃহন্নলা ছবির ‘প্রিয় তোর কিসের অভিমান’ গান নিয়েও অভিযোগ উঠেছে। ঋতুপর্ণ ঘোষ পরিচালিত এবং অজয় দেবগন ও ঐশ্বরিয়া রাই বচ্চন অভিনীত রেইনকোট ছবির ‘পিয়া তোরা ক্যায়সা অভিমান’ গানের কথা ও সুরের সঙ্গে যথেষ্ট মিল রয়েছে। ওই গানের কথা লিখেছিলেন গুলজার, সুর করেন দেবজ্যোতি মিশ্র আর গানটিতে কণ্ঠ দেন শুভা মুদগাল। সঙ্গে রয়েছে গুলজারের আবৃত্তি।
এ ব্যাপারে মুরাদ পারভেজ বলেন, ‘এটি পুরোনো বন্দিস। তা আমাকে ইমন সাহা শুনিয়েছিলেন। পরে তা ছবিতে ব্যবহারের উদ্যোগ নিয়েছি। ছবিতে কিন্তু গানটির সুর “প্রচলিত” বলা হয়েছে। আর গানের কথা ও কণ্ঠ দেবলীনা সুরের। এর বেশি কিছু আমি জানি না।’