
ফেসবুকে ঢুকতেই চোখে পড়ল গিটার হাতে একজন স্বর্ণকেশীর ছবি। কেউ একজন ছবিটি শেয়ার করেছিল। আরেকটু খেয়াল করতেই দেখলাম যে এ তো বিশ্ববিখ্যাত থ্রাশ মেটাল দল স্লেয়ারের গিটারিস্ট জেফ হ্যানিম্যান। ছবির নিচের কিছু লেখা পড়ে মন খারাপ হয়ে গেল। কারণ, ছবিটি মেটাল হ্যামারের ফেসবুক পেজে শেয়ার করার ঘণ্টা খানেক আগেই জেফ হ্যানিম্যান চিরনিদ্রায় শায়িত হয়েছেন। দিনটি ছিল ২ মে। সারা বিশ্বের মেটালভক্তদের মধ্যে একটা শোকের ছায়া নেমে আসে। আমাদের দেশের বিভিন্ন ঘরানার সংগীতশিল্পীদের মধ্যেও জেফ হ্যানিম্যানের অকালপ্রয়াণের খবরটি শোক বয়ে আনে। অসংখ্য মানুষ এ নিয়ে ফেসবুকে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। জেকরি জন ‘জেফ’ হ্যানিম্যান ১৯৬৪ সালের ৩১ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অকল্যান্ডে জন্মগ্রহণ করেন। তাঁর শৈশব কাটে ক্যালিফোর্নিয়ার লং বিচ অঞ্চলে। তিনি যে পরিবারের সদস্য, তার বেশির ভাগ সদস্যই যুদ্ধফেরত। তাঁর বাবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নরম্যান্ডিতে এবং তাঁর ভাইয়েরা ভিয়েতনামে যুদ্ধ করেছিলেন। এ কারণে শৈশব থেকেই জেফকে খাবার টেবিলে প্রায় নিয়মিতভাবেই যুদ্ধের কথা শুনতে হতো। সে সময় টেলিভিশনে যুদ্ধের ওপর চলচ্চিত্র বেশি দেখানো হতো। পরবর্তী সময়ে যুদ্ধের নানা বিষয় নিয়ে তাঁর গান লেখার অনুপ্রেরণা এখান থেকেই আসে। গিটার বাজানোর প্রতি আগ্রহ থেকে শৈশবেই হাতে গিটার তুলে নেন।
জেফ হ্যানিম্যান ১৭ বছর বয়সে পরিচিত হন কেরি কিংয়ের সঙ্গে। একটা গানের দলের জন্য পরীক্ষা দিতে গিয়ে তাঁদের পরিচয় হয়। তাঁরা একসঙ্গে গিটার বাজানোর কথা ভাবেন। সেটা ১৯৮১ সালের কোনো এক সময়। জেফ ও কেরি একসঙ্গে আয়রন মেইডেন ও জুডাস প্রিস্টের গান বাজানো শুরু করেন। পরবর্তী সময়ে জেফ হ্যানিম্যান একদিন কেরি কিংকে প্রশ্ন করলেন, ‘আমরা আমাদের নিজস্ব গানের দল করছি না কেন?’ এ কথায় সাড়া দিয়ে কেরি কিং তাঁর সঙ্গে পরবর্তী সময়ে ‘স্লেয়ার’ নামে যে দলটি গঠন করেন, তা পৃথিবীর ইতিহাসের অন্যতম সেরা একটি থ্রাশ মেটাল দল। এবং থ্রাশ মেটাল নামে যে গানের ধারা প্রচলিত আছে, তা সৃষ্টিতে স্লেয়ার এর অবদান অনেক। স্লেয়ার এর যেসব শ্রোতৃপ্রিয় গান আছে, তার অনেকগুলোই জেফ হ্যানিম্যানের সুর করা। তাঁর সুর করা গানের মধ্যে আছে: রেইনিং ব্লাড ওয়ার অ্যাসেম্বল সাউথ অব হেভেন সিজনস ইন দি অ্যাবিস এঞ্জেল অব ডেথ ম্যান্ডটোরি সুইসাইড।
এই গানগুলো এতই শ্রোতৃপ্রিয় যে কনসার্টগুলোয় এগুলো করতেই হতো। এ ছাড়া স্লেয়ারের সব কটি অ্যালবামেই তাঁর লেখা গান ছিল।
জেফ হ্যানিম্যান মূলত আদি হেভি মেটাল ও পাংক রক দ্বারা অনুপ্রাণিত ছিলেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ হেভি মেটাল গিটারিস্টের তালিকায় জেফ হ্যানিম্যান ও কেরি কিং যৌথভাবে দশম স্থান দখল করে আছেন। তাঁর গিটারবাদনে স্বকীয়তা ছিল। ইএসপি গিটার কোম্পানি জেফ হ্যানিম্যানের সিগনেচার মডেল বের করেন। ২০১১ সালের শুরুর দিকে হ্যানিম্যান নেক্সোটাইজিং ফ্যাসিটিসে আক্রান্ত হন। একটি মাকড়সার কামড় থেকে এ রোগে আক্রান্ত হওয়ার বিষয় তিনি জানিয়েছিলেন। ২০১২ সালে এ রোগ থেকে মুক্তি পেয়েছেন বলে তাঁর দলের সদস্যরা প্রচার করেন। এসব কারণে বহু দিন তিনি তাঁর দল ‘স্লেয়ার’ থেকে দূরে ছিলেন। তাঁর আর কোনো দিনও ‘স্লেয়ার’-এর মাঝে ফিরে যাওয়া হলো না। ২০১৩ সালের ২ মে লস এঞ্জেলেসের একটি স্থানীয় হাসপাতালে লিভার অকেজো হওয়ায় মারা যান জেফ হ্যানিম্যান। জেফ হ্যানিম্যান আজ পৃথিবীর বুকে নিঃশ্বাস না নিলেও তাঁর কীর্তিগুলো অমর হয়ে থাকবে। মেটালভক্তদের মধ্যে তাঁর উপস্থিতি কোনো দিনও ম্লান হওয়ার নয়। জেফ হ্যানিম্যান এ কারণেই মরে গিয়েও অমর।