বিদায় বিনোদ খান্না

চলে গেলেন বলিউডের খ্যাতিমান অভিনেতা বিনোদ খান্না। গতকাল বৃহস্পতিবার সকালে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তিনি মারা যান। বয়স হয়েছিল ৭০ বছর।
বিনোদ খান্নার ক্যানসার ধরা পড়ে প্রায় ছয় বছর আগে। শরীরে কর্কট রোগ নিয়েই তিনি অভিনয় করে গেছেন দাবাং, প্লেয়ার, দাবাং টু ও দিলওয়ালে ছবিগুলোতে। মেরে আপনে, কুরবানি, ইনকার, হাত কি সাফাই তাঁর অভিনয়জীবনের উল্লেখযোগ্য কিছু ছবি।
১৯৭৭ সালে মুক্তি পাওয়া জনপ্রিয় ছবি অমর আকবর অ্যান্থনিতে অমর চরিত্রে অভিনয় করেছিলেন বিনোদ খান্না। তাঁর দুই ভাই অ্যান্থনি ও আকবরের চরিত্রে ছিলেন অমিতাভ বচ্চন ও ঋষি কাপুর। গতকাল যখন বিনোদের মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ে, তখন ‘বিগ বি’ সরকার ৩-এর জন্য একটি সাক্ষাৎকার দিচ্ছিলেন। অমিতাভ তখনই সেই সাক্ষাৎকার ছেড়ে ছুটে যান বিনোদের পরিবারের কাছে। ঋষি কাপুর টুইটারে লিখেছেন, ‘তোমাকে মিস করব অমর। তোমার আত্মার শান্তি হোক।’
লতা মঙ্গেশকার টুইট করেছেন, ‘আমাদের সময়ের সেরা একজন তারকা বিনোদ খান্না আজ আমাদের মাঝে নেই। তাঁর মৃত্যুতে আমাদের শিল্পের বিরাট ক্ষতি হয়ে গেল। ঈশ্বর তাঁর আত্মাকে শান্তি দিক।’
রজনীকান্ত লিখেছেন, ‘আমার প্রিয় বন্ধু বিনোদ। তোমাকে ভীষণ মিস করব। বিনোদের পরিবারের প্রতি সমবেদনা।’
হেমা মালিনী লিখেছেন, ‘একজন চমৎকার মানুষকে হারানোর দুঃখের দিন আজ।’
অনিল কাপুর লিখেছেন, ‘তিনি বেঁচে থাকবেন আমাদের মনের মাঝে ও তাঁর উত্তরসূরিদের মধ্যে।’
মাধুরী দীক্ষিত লিখেছেন, ‘বিনোদজি আপনি আমাদের স্মৃতিতে বেঁচে থাকবেন।’
অক্ষয় কুমার লিখেছেন, ‘স্যার সত্যিকার অর্থেই একজন অসাধারণ অভিনেতা ছিলেন। এই মৃত্যুর মধ্য দিয়ে একটি যুগের সমাপ্তি হলো।’ ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমস, এনডিটিভি।