
ম্যাক্সিমিিলয়ান শেল পৃথিবীকে বিদায় জানালেন গত শনিবার, ১ ফেব্রুয়ারি৷ আকস্মিকভাবে অসুস্থ হয়ে অস্ট্রিয়ার ইনস্কব্রাকের একটি হাসপাতালে ৮৩ বছর বয়সে তিনি মারা গেলেন৷ তাঁর এজেন্ট প্যাট্রিসিয়া বাউমবারের মুখে শেলের মৃত্যুর খবরটি শোনার পর সংস্কৃতি জগতের মানুষ স্তব্ধ হয়ে যান৷ অসাধারণ শক্তিশালী এই অস্ট্রিয়ান অভিনেতাকে চলচ্চিত্রপ্রেমীরা বিশেষ করে মনে রাখবেন জাজমেন্ট অব নুরেমবার্গ ছবিতে অভিনয়ের জন্য৷ এই ছবিতে তিনি ছিলেন বিবাদীপক্ষের আইনজীবী৷ ১৯৬১ সালে নির্মিত এই ছবির জন্য তিনি অস্কারে সেরা অভিনেতার পুরস্কার জয় করেন৷ তাঁর পারফরম্যান্স কতটা জীবন্ত ছিল, তা বোঝানোর জন্য বলতে হয়, এই ছবিতে বার্ট ল্যাংক্যাস্টারের মতো শক্তিশালী অভিনেতাও অভিনয় করেছিলেন৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মান ভাষাভাষী হিসেবে তিনিই প্রথম অস্কারে ভূষিত হন৷
ম্যাক্সিমিলিয়ান শেল এর পরও দুবার অস্কারে মনোনয়ন পেয়েছিলেন৷ ১৯৭৫ সালে দ্য ম্যান ইন দ্য গ্লাস বুথ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতা ও জুলিয়া ছবিতে সেরা পার্শ্ব-অভিনেতার চরিত্রে ছিল সে মনোনয়ন৷
শেল পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য গোল্ডেন গ্লোব পুরস্কারও পেয়েছেন ১৯৯২ সালে স্ট্যালিন ছবির জন্য৷
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় জন্ম শেলের৷ বাবা সুইস লেখক, মা অস্ট্রিয়ান অভিনেত্রী৷ মা একটি অভিনয়ের স্কুল চালাতেন৷ ফলে অভিনয়ের সঙ্গে যোগাযোগ একেবারে ছেলেবেলা থেকেই৷ মাত্র ১০ বছর বয়সে তিনি প্রথম নাটক লিখেছিলেন৷ জার্মানভাষী অভিনেত্রী মারিয়া শেল ছিলেন তাঁর বড় বোন, যিনি ২০০৫ সালে মারা যান৷
ম্যাক্সিমিলিয়ান শেলের আরেকটি পরিচয় হলো, তিনি বর্তমানের বড় তারকা অ্যাঞ্জেলিনা জোলির গডফাদার৷ অ্যাঞ্জেলিনার বাবা জন ভয়েটের সঙ্গে ওদেসা ফাইল ছবিতে ১৯৭৪ সালে অভিনয় করেছিলেন শেল৷ ‘অ্যাঞ্জেলিনা যখন একেবারেই শিশু, তখন ওকে কতবার কোলে তুলে নিয়েছি, কিন্তু এখন অ্যাঞ্জেলিনা হয়তো বা আমাকে চেনেই না’-কোনো একদিন এ কথা বলেছিলেন ম্যাক্সিমিলিয়ান শেল৷
১৯৩৮ সালে নাৎসিরা অস্ট্রিয়া দখল করে নিলে শেলের পরিবার জুরিখে চলে যায়৷
যুক্তরাষ্ট্রে যাওয়ার পর ব্রডওয়েতে প্রথম অভিনয় করেন ১৯৫৫ সালে৷ এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওপর নির্মিত দ্য ইয়ং লায়নস ছবিতে অভিনয় করেন, যেখানে তাঁর সহ-অভিনেতা ছিলেন মার্লোন ব্র্যান্ডো৷
ম্যাক্সিমিলিয়ান বিয়ে করেন দুবার৷ নাতালিয়া আন্দ্রেইচেঙ্কোর সঙ্গে তাঁর বিবাহিত জীবন ছিল ১৯৮৫ থেকে ২০০৫ পর্যন্ত৷ এই ঘরে নাস্তাসিয়া নামের এক মেয়ের জন্ম হয় ১৯৮৯ সালে৷ তিনিও একজন অভিনেত্রী৷ ২০১৩ সালে তিনি বিয়ে করেন ইভা মিখানোভিচকে৷