বিদায় যুবরাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালেদ খান
খালেদ খান

বিশিষ্ট মঞ্চ ও টিভি অভিনয়শিল্পী এবং নির্দেশক খালেদ খান যুবরাজ আর নেই। আজ শুক্রবার রাত আটটার দিকে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রী মিতা হক ও মেয়ে জয়ীতাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এ ব্যাপারে মেয়ে জয়ীতা প্রথম আলো ডটকমকে জানান, আজ রাত আটটায় হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন তাঁর বাবা খালেদ খান। খালেদ খান দীর্ঘদিন ধরে মোটর নিউরন সমস্যায় ভুগছিলেন। এ সমস্যার কারণে তাঁর শরীরের মাংসপেশি অকেজো হয়ে যায়। এতে তিনি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারতেন না। বেশ কয়েক বছর ধরে হুইল চেয়ারে চলাফেরা করতেন। গত সোমবার গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

প্রথম আলো ডটকমকে জয়ীতা এ-ও জানান, খালেদ খানের মরদেহ সকাল পর্যন্ত বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হবে। এরপর কাল শনিবার সকাল নয়টায় খালেদ খানের মরদেহ ধানমন্ডির ৪ নম্বরের (পুরোনো) বাসায় নিয়ে যাওয়া হবে। সেখান থেকে সকাল ১০টায় তার কর্মস্থল ইউল্যাব ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের শ্রদ্ধা নিবেদনের জন্য নিয়ে যাওয়া হবে। ইউল্যাবের আনুষ্ঠানিকতা শেষে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে বেলা ১১টা থেকে মরদেহ রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। সেখান থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে শ্রদ্ধা নিবেদনের জন্য নিয়ে যাওয়া হবে।

জানা গেছে, ঢাকায় সব ধরনের আনুষ্ঠানিকতা শেষে এই অভিনেতাকে নিয়ে যাওয়া হবে টাঙ্গাইলের মির্জাপুর থানার মসদই গ্রামে। সেখানে বাবার কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন খালেদ খান।

 
এক নজরে খালেদ খান

১৯৫৭ সালের ৯ ফেব্রুয়ারি টাঙ্গাইলে তাঁর জন্ম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেন তিনি। ১৯৭৫ সালে নাগরিক নাট্য সম্প্রদায়ের সদস্য হিসেবে মঞ্চনাটকে যাত্রা শুরু। মঞ্চে তাঁর অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘দেওয়ান গাজীর কিসসা’, ‘অচলায়তন’, ‘নুরুলদীনের সারা জীবন’, ‘ঈর্ষা’, ‘দর্পণ’, ‘গ্যালিলিও’ ও ‘রক্তকরবী’। ‘ঈর্ষা’ নাটকে অভিনয়ের জন্য কলকাতায়ও তিনি জনপ্রিয়তা লাভ করেন।

খালেদ খান নির্দেশিত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে রবীন্দ্রনাথের ‘মুক্তধারা’, ‘পুতুল খেলা’, ‘কালসন্ধ্যা’, ‘স্বপ্নবাজ রূপবতী’, ‘মাস্টার বিল্ডার’, ‘ক্ষুদিত পাষাণ’সহ আরও বেশ কিছু।

১৯৮১ সাল থেকে বাংলাদেশ টেলিভিশনের ‘সিঁড়িঘর’ নাটক দিয়ে টিভিতে অভিষেক। অসংখ্য টিভি নাটকে অভিনয় করেন তিনি। এই নাটকগুলোর কিছু সংলাপ জনপ্রিয়তা পায়। বিশেষ করে নব্বইয়ের দশকের নাটক ‘রূপনগর’-এ তার ‘ছিঃ ছিঃ, তুমি এত খারাপ’ শীর্ষক সংলাপটি চলে আসে মানুষের মুখে মুখে। তার অভিনীত জনপ্রিয় টিভি নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো  ‘এই সব দিনরাত্রী’, ‘কোন কাননের ফুল’, ‘রূপনগর’, ‘মফস্বল সংবাদ’, ‘অথেলো এবং অথেলো’, ‘দমন’, ‘লোহার চুড়ি’, ‘সকাল সন্ধ্যা’সহ আরও বেশ কিছু।

অভিনয়ের পাশাপাশি পেশাগতভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন সময় কর্মরত ছিলেন খালেদ খান। এগুলোর মধ্যে রয়েছে অক্সফাম, বেক্সিমকো ফার্মা, একুশে টিভি, বেঙ্গল গ্রুপের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব)।

মঞ্চনাটকে অবদানের জন্য ‘মোহাম্মদ জাকারিয়া পদক’, সেরা অভিনেতা হিসেবে ‘নুরুন্নাহার স্মৃতিপদক’, ‘ইমপ্রেস-অন্যদিন’ পুরস্কারসহ অসংখ্য পুরস্কার অর্জন করেন।