
গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরের সামনে ঝলমলে আলো নেই। শত তারার পদভারে ধন্য লালগালিচা যেন বড় মলিন। তারকাসন্ধানী শত আলোকচিত্রীর ক্যামেরার ফ্ল্যাশের মিলিত ঝলকানিও যেন মিলিয়ে গেছে হাওয়ায়। সংবাদ সম্মেলন কক্ষ খাঁ খাঁ। এত দিন সিনেমাবিষয়ক বহু বর্ণিল পুস্তিকা আর প্রচারপত্রে ভেসে যাওয়া এই প্রতিবেদকের জন্য বরাদ্দ ১৩৫৯ নম্বর প্রেস বক্সটাও অবিশ্বাস্যভাবে ফাঁকা।
সন্ধ্যায় ঝাঁ চকচকে গাড়িবহর এসে থামেনি লালগালিচার সামনে। রাস্তার দুই পাশে অপেক্ষমাণ উৎসুক আমজনতাও তাই গরহাজির। ছিল না ধোপ-দুরস্ত ফরাসি পুলিশদের মুহুর্মুহু মোটরসাইকেল শোভাযাত্রা। কোন ফাঁকে ফিকে হয়ে গেছে আগের দিন রাতের স্বর্ণপামের উচ্ছ্বাস! কান সৈকতে কোলাহল নেই। বিদায়ের বেদনার রঙে নীল হয়ে সাগরের পানিও যেন মাথা কুটে মরেছে বালুকাবেলায়।
গতকাল রোববার কান চলচ্চিত্র উৎসবের শেষ দিনে উৎসব এলাকা ছিল ম্রিয়মাণ। নিয়মমাফিক যথারীতি পুনঃপ্রদর্শনী হয়েছে উৎসবে আগেই প্রদর্শিত বেশ কিছু ছবির। সেই সব ছবি দেখার জন্য হাজিরও হয়েছিলেন বেশ কিছু দর্শক। কিন্তু উৎসবের উচ্ছ্বাস চোখে পড়েনি কোথাও। আগের দিন রাতে স্বর্ণপাম বিজয়ের আনন্দে ভেসেছে তুর্কিরা। রাত পেরোতেই সেই আনন্দের রেশমাত্র নেই পুরো উৎসব এলাকায়।
১৯৪৬ সালে প্রথমবারের মতো কান সৈকতে আয়োজিত হয়েছিল বিশ্বের অন্যতম বৃহৎ ও সম্মানজনক এই চলচ্চিত্র উৎসব। সেই থেকে বিশ্বজুড়ে চলচ্চিত্র শিল্পের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে এই উৎসব। চলচ্চিত্রের উন্নয়নের পাশাপাশি সিনেমা দেখার আনন্দটাও বিশ্বের যত বেশি সম্ভব মানুষের মাঝে পৌঁছে দিতে চান উৎসব আয়োজকেরা। বহুমাত্রিকতা আর বৈচিত্রে৵ বিশ্বাসী এই উৎসবের ওয়েবসাইটে এখন ফরাসি ও ইংরেজির পাশাপাশি যুক্ত হয়েছে আরবি, স্প্যানিশ, চীনা, জাপানি, রুশ ও পতুর্গিজ ভাষাও। বিশ্বের প্রথম সারির সব সংবাদমাধ্যম থেকে শুরু করে সারা বিশ্বের ৯০টিরও বেশি দেশের সাংবাকিকেরা আসেন এই উৎসবের খবর সংগ্রহ করতে। প্রতিবছর সাধারণত মে মাসে আয়োজন হয় এই উৎসবের। বিশ্ব সিনেমার অন্যতম বৃহৎ এই মিলনমেলায় ঢল নামে সারা বিশ্বের প্রথম সারির তারকা কলাকুশলীদের।