‘তিনি ভারতের এলভিস প্রিসলি নন, এলভিস প্রিসলি আমেরিকার শাম্মি কাপুর।’ শাম্মি কাপুর সম্পর্কে এমন মন্তব্য করেছিলেন আমির খান। আমির সব সময়ই তাঁর সাক্ষাৎকারে বলে এসেছেন, বলিউডে যে নায়কের নাচ দেখে তিনি মুগ্ধ হন, তিনি শাম্মি কাপুর। ১৪ আগস্ট ভোরে ৭৯ বছর বয়সে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন পৃথ্বিরাজ কাপুরের এই সুপুত্র। গত জুন মাসে শাম্মি কাপুরের ভাই শশী কাপুর অসুস্থ হয়ে হাসপাতালমুখী হওয়ায় অনেকেই ধরে নিয়েছিলেন, এবার বুঝি শশী বিদায় নিচ্ছেন। কিন্তু শাম্মি কাপুর বরাবরই আশাবাদী ছিলেন, ‘আমার আগে কখনো শশী চলে যেতে পারে না। আদতে তাই হলো।’‘ভারতের নায়কদের মধ্যে প্রাণ-প্রাচুর্যে ভরা, নাচে-কমেডিতে অনবদ্য যে কজন অভিনেতা আছেন, শাম্মি কাপুর তাঁদের মধ্যে নিঃসন্দেহে সেরা।’ মন্তব্য অমিতাভ বচ্চনের। বচ্চন নিজেও কলেজে পড়া অবস্থায় শাম্মি কাপুরের জংলি ছবির নাচ অনুকরণ করে বন্ধুদের দেখাতেন। তুমসা নেহি দেখা এবং দিল দেকে দেখো ছবিতেও শাম্মি ‘ইয়াহু’ শব্দ ব্যবহার করেছিলেন। তবে জংলি মুক্তির পরই শাম্মি ‘ইয়াহু’ তারকায় পরিণত হন। শাম্মি কাপুরের নাম এলেই ইয়াহু চিৎকারটিও সবাই ব্যবহার করা শুরু করেন। শাম্মি কাপুরের প্রয়াণে হূতিক রোশন বলেন, ‘শাম্মি কাপুর তাঁর কাজের মাধ্যমে সারা জীবন নিঃসন্দেহে বেঁচে থাকবেন। অন্তত আমি আমার ছেলেদের শাম্মি কাপুরের কাজের সঙ্গে পরিচিত করাব। আমি নাচ শেখার অনুপ্রেরণা পেয়েছি মাইকেল জ্যাকসন ও শাম্মি কাপুরের কাছ থেকে।’ দুজনই আজ ওপারের বাসিন্দা। পঞ্চাশ ও ষাটের দশকে সবচেয়ে স্টাইলিশ নায়কের খেতাব জুটেছিল শাম্মির ঝুলিতে। জংলি, তুমসা নেহি দেখা, দিল দেকে দেখো, প্রফেসর, কাশ্মীর কি কালি, এন ইভিনিং ইন প্যারিস, ব্রহ্মচারী, তুমসে আচ্ছা কৌন হ্যায়—হিটের পর হিট।সর্বশেষ নাতি রণবীর কাপুরের সঙ্গে রকস্টার ছবিতে অভিনয় করেন শাম্মি কাপুর, যা মুক্তি পাবে আগামী নভেম্বরে। জীবনের পুরোটা সময় আশাবাদী ছিলেন তিনি। কেমন আছেন—প্রশ্নের উত্তরে সবাইকে বলতেন, ‘বেশ ভালো আছি। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ভালো থাকব। তারপর একসময় মৃত্যুকে আলিঙ্গন করে নেব।’ আর আর খানতথ্যসূত্র: বলিউড হাঙ্গামা, ট্রুথড্রাইভ, টাইমস অব ইন্ডিয়া, রেডিফ, আইএমডিবি অবলম্বনে