বিদায়, সেতার আর সুরবাহারের কবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইমরাত খান
ইমরাত খান

ইমরাত খানের বয়স তখন ৮২ বছর। জানতে পারলেন, সেই বছর তাঁকে ‘পদ্মশ্রী’ খেতাব দেওয়া হবে। ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননাগুলোর একটি এটি। আনন্দের এ খবর শুনে তিনি ভেঙে পড়েছিলেন। বুকের ভেতর হাহাকার বেজে উঠেছিল তাঁর‌। ‘হায়! আমার শিষ্য আর ছোট ভাইয়েরা যে খেতাব পেয়ে গেছে আরও আগে, আজ জীবনের শেষবেলায় এসে সেটা আমাকে নিতে হবে?’ তিনি নিলেন না সেই খেতাব। চিঠি লিখে সরকারকে জানিয়ে দিয়েছিলেন সে কথা। ভারতীয় শাস্ত্রীয় সংগীতকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়াই ছিল তাঁর জীবনের ব্রত। সেতার ও সুরবাহারের সুরে বিশ্বসংগীত অঙ্গন ও সংগীতপ্রেমীদের মুগ্ধ করে রেখেছিলেন তিনি। সে জন্য তাঁকে বলা হয় সেতার আর সুরবাহারের কবি। ভারত ছেড়ে অনেক দিন হলো বাস করছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে।

কিংবদন্তি ওস্তাদ এনায়েত খানের ছোট ছেলে ইমরাত খান। তাঁর বড় ভাই ওস্তাদ বিলায়েত খান। দাদা ইমদাদ খানের সংগীত ঘরানার উত্তরাধিকার তাঁরা। সেই সংগীতের চর্চা করে যাচ্ছেন চার পুরুষ ধরে। ইমরাত খানের ছেলে নিশাত খান নিজেও সেতারের তরুণ শিল্পী হিসেবে নাম করেছেন। এ খান্দানের আদি নিবাস ছিল ভারতের আগ্রায়। পরে কলকাতা থেকে ইমরান চলে যান যুক্তরাষ্ট্রে। সুরবাহার বা বেজ সেতারকে তিনি দিয়েছিলেন ব্যাপক পরিচিতি। ১৯৭০ সালেই কান চলচ্চিত্র উৎসবে পরিবেশন করেছিলেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত বিশ্বের বহু জায়গায় সেতার পরিবেশন করে ভারতীয় শাস্ত্রীয় সংগীতকে সম্মানের ভিন্ন এক আসন দিয়েছেন তিনি। বাবার রাষ্ট্রীয় সম্মান না পাওয়া নিয়ে ছেলে নিশাত খানের কিছুটা দুঃখ আছে। কিন্তু সেই খেতাব প্রসঙ্গে ইমরাত খান কী বলেছিলেন? বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে এক সাক্ষাৎকারে ইমরাত খান বলেছিলেন, ‘এ সম্মাননা কোনো গৌরবের ব্যাপার নয়, এটা একজন মানুষকে তাঁর অবদানের জন্য দেওয়া রাষ্ট্রীয় স্বীকৃতি। অসময়ে স্বীকৃতি গ্রহণ করা আপস করার মতোই। সে জন্য আমি ওটা গ্রহণ করিনি।’

এটা ছিল গত বছরের কথা। এ মাসের ২২ নভেম্বর তিনি পাড়ি জমান পরলোকে।