বিদায় ২০১৯, স্বাগত ২০২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>ইনস্টাগ্রাম, ফেসবুকে তারকারা বিদায় দিলেন ২০১৯ সালকে। স্বাগত জানালেন নতুন দশককে। সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের শুভেচ্ছা জানানো আর উদ্​যাপনগুলো কেমন ছিল, তা নিয়ে আমাদের এবারের হ্যাশট্যাগ

ছবি দিয়ে বছর শুরু
ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে জয়া আহসানের নতুন ছবি রবিবার। এই ছবিতে জয়ার সহশিল্পী প্রসেনজিৎ। পরিচালক অতনু ঘোষ। রবিবার নিয়েই কেটেছে জয়ার নতুন বছরের উদ্​যাপন। ২০১৯ সালের বিদায়ী পোস্টে ইনস্টাগ্রামে জয়া লিখেছেন, ‘বছরের শেষ দিন হোক রবিবাসরীয় রবিবারের সঙ্গে।’

ঘুরে বেড়াচ্ছেন মিম
পুরোপুরি ছুটির আমেজে নতুন বছরে পা রাখলেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। তাঁকে দেখা গেল ভারতের আগ্রার তাজমহলের সামনে। তাঁর এই ঘুরে বেড়ানোর ছবিতে আরও পাওয়া গেল মিমের মা ও বাবাকে। পারিবারিক এই অবকাশ যাপন শেষে শিগগিরই আবার কাজে ফিরবেন মিম। 

মেহ্​জাবীন বললেন, ‘ধন্যবাদ ২০১৯’
কাজের পাশাপাশি মেহ্​জাবীন পুরোনো বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানালেন বেশ ছিমছামভাবে। ইনস্টাগ্রামে ক্যামেরা হাতে নিজের দুটো ছবি পোস্ট করে মেহ্​জাবীন চৌধুরী ইংরেজিতে লিখেছেন, ‘ধন্যবাদ ২০১৯।’ 

বন্ধুর বিয়েতে ফারিয়া
বিয়ের মৌসুমে শোনা যাচ্ছে নায়িকা নুসরাত ফারিয়ার বিয়ের গুঞ্জন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ফারিয়া দিয়ে যাচ্ছেন বন্ধুর বিয়ের ছবি। পরিবার আর বন্ধুদের নিয়ে পুরোনো বছরকে বিদায় জানালেন আর প্রবেশ করলেন নতুন বছরে। কিন্তু গুঞ্জন ফুরাল না। ফেসবুকে এক রহস্যময় ব্যক্তির সঙ্গে ছবি পোস্ট করে গুঞ্জনকে আরও উসকে দিয়েছেন এই অভিনেত্রী।

নতুন বছরের নতুন পণ
তাহসান সামাজিক যোগাযোগমাধ্যমে জানালেন নতুন বছরের নতুন পণ। ২০১৯ কেটেছে বেশ কর্মমুখর। নতুন বছরে তা অব্যাহত রাখবেন। তিনি লিখেছেন, ‘নতুন বছরের প্রতিজ্ঞা…আমার ব্যান্ডের সঙ্গে রেকর্ড করব একটা লাইভ অ্যালবাম।’