শিশিরভেজা ভোর বললে যেমন মনে হয়, তেমন নয়। শরতে শিশির ঝরারই কথা। কিন্তু বিগত কয়ে দিনে রাতে বৃষ্টি আর সকালে হিমেল হাওয়া বয়ে গেছে নগরে। তাই সকালে ঘর থেকে বেরিয়ে এলেই চোখে পড়ে বৃষ্টিভেজা নগর। গতকাল শুক্রবার অবশ্য তেমন ঝঞ্ঝাট ছিল না। বৃষ্টির বদলে ছিল শরতের শিউলি, ছিল কাশফুল। সঙ্গে শরৎবন্দনা করে গান ও নৃত্য। এ নিয়ে আয়োজন করা হয়েছিল শরৎ উৎসব।রাজধানীর ধানমন্ডি লেকের শতায়ু অঙ্গন প্রতিদিন সকালে মুখরিত থাকে স্বাস্থ্যসচেতন নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে। গতকালও তাঁরা এসেছিলেন। সঙ্গে আরও শামিল হয়েছেন সংস্কৃতিসেবীরাও। শরতের বিদায়বেলায় এখানে আয়োজন করা হয়েছিল শারদোৎসব। ‘শরতের অমল মহিমা’ শিরোনামের এই অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ঢাকা মহানগর শাখা। গানের সুর আর নূপুরের ঝংকারে সংগঠনটি বিদায় জানাল শরতকে।প্রকৃতির অনুষঙ্গ দিয়েই সাজানো হয় মঞ্চ। খোলা আকাশের নিচে মাটির পাত্রে সাজিয়ে রাখা হয়েছিল কাশফুল। ঠিক সাতটায় শুরু হয় অনুষ্ঠান। ‘দেখো দেখো, দেখো, শুকতারা আঁখি মেলে চায়’ এই সম্মেলক গানের সুরে সচকিত হলো পুরো এলাকা। পরের পরিবেশনাটিও সম্মেলক। সঙ্গে নৃত্য। ‘বিশ্ব-বীণারবে বিশ্বজন মোহিছে’ গানের সঙ্গে একক নৃত্য পরিবেশন করলেন নৃত্যশিল্পী ওয়ার্দা রিহাব।সম্মেলক গান ও নৃত্যের পরে শাহেদ ইমাম ‘আজ প্রথম ফুলের পাব প্রসাদখানি’ ও তানিয়া মান্নান ‘এসো শরতের অমল মহিমা’ গান দুটি একক কণ্ঠে গেয়ে শোনান। এরপর অভয়া দত্ত ও মোস্তাফিজুর রহমানের দ্বৈত কণ্ঠে পরিবেশিত হলো ‘আমার নয়ন-ভুলানো এলে’ গানটি। খন্দকার খায়রুজ্জামান শোনালেন ‘শরৎ-আলোর কমলবনে’ ও সুমা রানী রায় গাইলেন ‘আলোর অমল কমলখানি’ গানটি। এরপর আবার সম্মেলক পরিবেশনা। ‘তোমার মোহন রূপে কে রয় ভুলে’ গানটির ছিল মনকাড়া পরিবেশনা। পার্থ সারথী সরকার, লাইসা আহমদ ও ফাইয়াজ মুরশিদ এরপর একক কণ্ঠে গেয়ে শোনান ‘আজি শরততপনে প্রভাতস্বপনে’, ‘হূদয়ে ছিলে জেগে’ ও ‘আমি চাহিতে এসেছি শুধু একখানি’। এরপর সম্মেলক গান ‘ওগো শেফালিবনের মনের কামনা’ গানের সঙ্গে সম্মেলক নৃত্য। ছায়া কর্মকার, বুলবুল ইসলাম ও মিতা হক একক কণ্ঠে গেয়ে শোনান ‘তোমরা যা বলো তাই বলো’, ‘আমার রাত পোহালো শারদ প্রাতে’ ও ‘কোন্ খেপা শ্রাবণ ছুটে এল’। গানে গানে এগিয়ে চলে অনুষ্ঠান। শিল্পী এবং অনুষ্ঠানে আগত অতিথিদের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় শারদোৎসব।