বিদায়ী নক্ষত্র!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলিউডের আকাশে কত তারা জ্বলে আর কত তারা চুপচাপ ঝরে যায়! দিন যায়, পুরোনো তারারা সব আলো আর রোশনাই হারিয়ে ফ্যাকাশে হতে থাকে। আর নবতারকারাজির আবির্ভাবে ঝিলমিলিয়ে ওঠে হলিউড দিগন্ত। কেউ বলে, হলিউড বড় নিষ্ঠুর। আর কেউ বলবে, রুপালি জগতের এ-ই তো নিয়ম। লোকে এও বলে, খুদে তারকারা নাকি ধূমকেতুর মতো আসে, ধূমকেতুর মতো মিলিয়ে যায়। সেই বিচারে মাত্র নয় বছর বয়সে রুপালি দুনিয়ায় পা রেখেছিল (দিয়ার’জ ওয়ান বর্ন এভরি মিনিট) যে মেয়ে, তার ফুরিয়ে যাওয়ার কথা সেই কবে! কিন্তু নিয়মের বাইরেও নিয়ম থাকে। রূপকথার গল্পের মতোই তাই কারও কারও কপালে সেই ছোট্ট বয়সেই সম্ভবত দৃশ্যমান হয়ে ওঠে ‘রাজটীকা’। নইলে ওই অত্তটুকুন বয়সে কেনই বা তাঁদের পারিবারিক বন্ধুরা সব উঠে-পড়ে লাগবে তাকে সিনেমায় ‘স্ক্রিন টেস্ট’-এ নামিয়ে দিতে? আর এমজিএম ও ইউনিভার্সেলের মতো খ্যাতিমান প্রতিষ্ঠানের কর্তারাই বা কেন রীতিমতো যুদ্ধ শুরু করবেন তাকে আগেভাগে দলে ভেড়াতে? ইউনিভার্সেল তাকে চুক্তিবদ্ধ করাতে এতটাই মরিয়া ছিল যে, এমনকি স্ক্রিন টেস্ট নেওয়ার দেরিটুকুও করতে চাইছিল না তারা। বটে? এমন কী ছিল তবে মেয়েটির মধ্যে? ‘গভীর নীল এক জোড়া চোখ। এতটাই গভীর যে প্রথম দেখায় বেগুনি বলে ভ্রম হয়। আর এই বয়সেই মেয়েটিকে মনে হয় রীতিমতো তরুণী।’ এলিজাবেথ টেলরকে সেই ছোট্ট বয়সে দেখেছিলেন যাঁরা, তাঁদের একজনের মন্তব্য। নিন্দুকেরাও চিরকাল ছিল সবখানে। তাই অনেকের আবার ‘চোখে পড়ার মতো কিছু চোখে পড়েনি’ এলিজাবেথের মধ্যে। নিন্দুকদেরও চোখ ফুটল বছর তিনেক পর। মোটামুটি হুলুস্থুল ফেলে দিল এলিজাবেথ টেলর অভিনীত ন্যাশনাল ভেলভেট (১৯৪৪)। এ শুধু শুরুর গল্প। সেবার এলিজাবেথ টেলর নামের যে অপরূপ তারকার আবির্ভাব হয়েছিল হলিউডের আকাশে, সে ঔজ্জ্বল্য হারায়নি পরের ছয় দশকেও। ২.দু-দুটো অস্কার (বাটারফিল্ড ৮, হু’জ অ্যাফ্রেড অব ভার্জিনিয়া উলফ) কিংবা লিজিয়ন অব অনার (ফ্রান্স) অথবা আরও রাশি রাশি সম্মাননা পাওয়া—এসব কোনো কিছুই ঠিক এলিজাবেথ টেলরকে ব্যাখ্যা করার জন্য পর্যাপ্ত নয়। রুপালি পর্দার ক্লিওপেট্রার আড়ালে হয়তো অনেকেই হারিয়ে ফেলবেন দৃঢ়প্রতিজ্ঞ এক সমাজকর্মীকে। খুব কম মানুষই জানবেন, পর্দার ক্লিওপেট্রাই ছিলেন এইডস নামের ভয়াবহ ব্যাধির বিরুদ্ধে একদম প্রথম দিককার যুদ্ধ ঘোষণাকারীদের একজন। তাঁর উদ্যোগেই গড়ে উঠেছিল যুক্তরাষ্ট্রের এইডস গবেষণা ফাউন্ডেশন। আরও জানবেন, যুক্তরাষ্ট্রের ইরাক আগ্রাসনের ঘোর বিরোধী ছিলেন তিনি। মুড়িমুড়কির মতোই জীবনসঙ্গী বদলের ঘটনার মধ্যেও ঠিক খুঁজে পাওয়া যাবে না তাঁকে। সম্মান-খ্যাতি আর মোচড়ে ভরপুর অতি রোমাঞ্চকর এক জীবন কাটিয়েছেন টেলর। এতটাই রোমাঞ্চকর যে, তাঁর জীবনকে রীতিমতো সিনেমা বলে ভ্রম হয়। আর এতটাই বিশাল যে, কেবল হূদযন্ত্র অচল হয়ে যাওয়ার মতো ‘তুচ্ছ’ ঘটনায় তাঁর ঔজ্জ্বল্য চাপা পড়বে না কখনো।  ইকবাল হোসাইন চৌধুরীসূত্র: ওয়েবসাইট