বিদুষী শাবানা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাবানা আজমি
শাবানা আজমি

ভারতীয় অভিনয়শিল্পীদের মধ্যে একটা বিষয়ে সম্ভবত সবচেয়ে এগিয়ে আছেন শাবানা আজমি। তাঁর ঝুলিতে রয়েছে তিন তিনটি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি। এবার সে ঝুলিতে যুক্ত হতে যাচ্ছে আরও একটি ডক্টরেট ডিগ্রি। চতুর্থবারের মতো সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেতে যাচ্ছেন বলিউডের প্রখ্যাত এ অভিনেত্রী।
যুক্তরাজ্য, দিল্লি ও কলকাতার পর এবার কানাডা থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করতে যাচ্ছেন শাবানা আজমি। আজ ১২ জুন কানাডার ভ্যানকুভারে অবস্থিত সিমন ফ্রেজার ইউনিভার্সিটি থেকে এ ডিগ্রি পাচ্ছেন তিনি। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ।
১৯৭৩ সালে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়া থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন শাবানা আজমি। পরবর্তী সময়ে যুক্তরাজ্যের লিডস, দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া ও কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হয় তাঁকে।

এ প্রসঙ্গে শাবানা আজমি বলেন, ‘এটা আমার চতুর্থ ডক্টরেট ডিগ্রি। নিজের দেশের গণ্ডি থেকে বহুদূরের একটি দেশ থেকে সম্মানিত হওয়ার এ সুযোগ পেয়ে আমি অনেক খুশি। এভাবে স্বীকৃতি পেতে কার না ভালো লাগে!’