বিদেশি ছবিতে রানারআপ ‘মেহেরজান’
বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘মেহেরজান’ যুক্তরাষ্ট্রে বিদেশি ছবির তালিকায় রানার আপ পুরস্কার জিতেছে। বাংলাদেশে ছবিটি মুক্তির কিছুদিনের মধ্যেই নানা বিতর্কের কারণে বন্ধ করে দেওয়া হয়। দেশে প্রদর্শনী বন্ধ থাকলেও এ সময়ের মধ্যে মেহেরজান বিদেশের অনেক জায়গাতেই প্রদর্শিত হয়েছে।যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে অনুষ্ঠিত অ্যাকশন অন ফিল্ম আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে সম্প্রতি মেহেরজান প্রদর্শিত হয়। এতে ছবিটি সেরা বিদেশি ছবি ও শ্রেষ্ঠ নারী চলচ্চিত্র নির্মাতা শাখায় মনোনয়ন পায়। সেরা বিদেশি ছবি বিভাগে এটি রানার আপের পুরস্কার জিতে নেয়। সেরা ছবি হিসেবে নির্বাচিত হয় ‘ফার অ্যাওয়ে আইস’।গত ২২ থেকে ৩০ জুলাই পর্যন্ত ক্যালিফোর্নিয়ায় অ্যাকশন অন ফিল্ম আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব অনুষ্ঠিত হয়। উত্সবে মেহেরজান প্রদর্শিত হয়।ছবিটির পরিচালক রুবাইয়াত হোসেন বলেন, ‘যুক্তরাষ্ট্রের মিশিগানে আমেরিকান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটি উত্সবে নারীনির্মাতা, বেস্ট ন্যারেটিভ ফিচার, বেস্ট ড্রামা ফিচার, বেস্ট ফার্স্ট টাইম মুভি স্ক্রিপ্ট রাইটার, বেস্ট মুভি শট অন ৩৫ মিমি ফিল্ম বিভাগে মনোনয়ন পেয়েছিল।’ তিনি আরও বলেন, ‘এটি আমার জন্য আল্লাহর অশেষ রহমত। খুবই ভালো লাগছে পুরস্কার পাওয়ায়।’রুবাইয়াত আরও জানান, আগামী ১৪ থেকে ১৯ অক্টোবর স্পেনের মারবেলা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের জন্য মেহেরজান ছবিটি নির্বাচন করা হয়েছে। এ ছাড়া ক্যালিফোর্নিয়ায় সাইলেন্ট রিভার চলচ্চিত্র উত্সব, গোয়ায় দক্ষিণ এশিয়া চলচ্চিত্র উত্সব, ওয়াশিংটনে তাসভির দক্ষিণ এশীয় চলচ্চিত্র উত্সব এবং অস্ট্রেলিয়ায় দক্ষিণ এশীয় চলচ্চিত্র উত্সবও মেহেরজান প্রদর্শিত হবে বলে পরিচালক সূত্রে জানা গেছে। সংশোধনী: ‘মেহেরজান’ ওই উত্সবে সেরা বিদেশি ছবি নির্বাচিত হয়েছে বলে প্রথম আলো অনলাইনে খবর প্রকাশিত হয়। ছবিটির পরিচালক রুবাইয়াত হোসেনের সঙ্গে কথা বলে প্রতিবেদনটি তৈরি করা হয়েছিল। তবে প্রথম আলো অনলাইনের কয়েকজন পাঠক পরিচালকের এ দাবি সঠিক নয় বলে মন্তব্য করে উত্সবের ওয়েবসাইটের ঠিকানা পাঠান। বিষয়টি যাচাই করে পাঠকের দাবির সত্যতা মেলে। অনাকাঙ্ক্ষিত এ ভুলের জন্য আমরা দুঃখিত। ভুল সংশোধনে সহায়তার জন্য পাঠকদের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা।