বিদেশি ধারাবাহিক বন্ধের দাবি
বিদেশি ধারাবাহিক বন্ধসহ পাঁচটি দাবি তুলেছে ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও) এবং কয়েকটি চ্যানেল কর্তৃপক্ষ।
এফটিপিওর সদস্য নাটকসংশ্লিষ্ট ১৩টি সংগঠন। অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে তাদের অগ্রিম আয়করের ন্যূনতম হার ঠিক করা, বিদেশি শিল্পী-নির্মাতাদের সরকারি অনুমতি ও এফটিপিওভুক্ত সংগঠনের সদস্যপদ নেওয়া, বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা, টিভি অনুষ্ঠান নির্মাণ ও ক্রয়-বিক্রয়ে তৃতীয় পক্ষের হস্তক্ষেপহীন নিয়ন্ত্রণ দেওয়া। দাবি মানার জন্য সরকার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ৩০ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
গতকাল রোববার সকালে ঢাকা ক্লাব মিলনায়তনে মিডিয়া ইউনিটির ব্যানারে সমবেত হয়ে এসব দাবি তুলে ধরা হয়। বক্তারা বলেন, ভারতীয় চ্যানেলের নামে অনুমোদনহীন কিছু বিদেশি চ্যানেল বাংলাদেশে ডাউনলিংক হচ্ছে। চ্যানেলগুলোর উদ্দেশ্য বাংলাদেশের বিজ্ঞাপনের অর্থ গ্রাস করা।
ইনডিপেনডেন্ট টেলিভিশনের চেয়ারম্যান সালমান এফ রহমান বলেন, ‘সবাই ঐক্যবদ্ধ থাকলে এই সমস্যাগুলোর সমাধান কঠিন নয়।’
সমাবেশে উপস্থিত ছিলেন গাজী রাকায়েত, মনোয়ার পাঠান, মাসুম রেজা, আহসান হাবিব, অভিনয়শিল্পী সৈয়দ হাসান ইমাম, জাহিদ হাসান, শহিদুল আলম সাচ্চু, শহীদুজ্জামান সেলিম, আজিজুল হাকিম, মাহফুজ আহমেদ, নির্মাতা গিয়াসউদ্দীন সেলিম, শিহাব শাহীন প্রমুখ।