বিদেশিদের ঠোঁটে বাংলা
>বহু জায়গায় বহুবার বলা হয়েছে বাংলা একটি মধুর ভাষা। এ ভাষাকে ঋদ্ধ করতে বিভিন্ন শিল্পী কাজ করছেন নানান মাধ্যমে। চেষ্টা করছেন আড়ালে থেকে নিজের সেরাটুকু দিতে। এ রকম কাজের একটি জায়গা হচ্ছে ডাবিং। কখনো দেশি শিল্পীর মুখে, কখনো বিদেশি শিল্পীর মুখে বাংলা শোনা যায় চলচ্চিত্র ও টেলিভিশনের নাটকগুলোতে। শুধু তা-ই নয়, হলিউড-বলিউডেও আছে ডাবিংয়ের বিরাট ক্ষেত্র। ‘ডাবিং’-এর আদ্যোপান্ত নিয়েই আমাদের এবারের আয়োজন।
‘কার্যক্ষেত্র ত্যাগ করে কুফায় আগমনের যদি উপযুক্ত কারণ দর্শাতে না পারো, তাহলে তোমার পরিণতির কথা ভাবতে আমার দুঃখ হয়।’ ইরানি ছবি দ্য মেসেঞ্জার-এর একটি সংলাপ এটি। গত শতকের নব্বইয়ের দশকে শবে বরাতের দিনগুলোতে বাংলাদেশ টেলিভিশনে প্রায় নিয়ম করে দেখানো হতো ছবিটি। পারস্যের একদল মানুষ ঘোড়ায় চড়ে তলোয়ার দিয়ে যুদ্ধ করেন। ফারসি ভাষার বদলে তাঁরা কথা বলেন বাংলায়!
ভিন সংস্কৃতির প্রতি মানুষের আগ্রহ দুর্নিবার। সেই আগ্রহে শুধু অচেনাকে জানাই নয়, জাতিতে-জাতিতে এবং সংস্কৃতি-সংস্কৃতিতে সংযোগ স্থাপিত হয়। নিজের ভাষায় অন্যকে কথা বলতে শুনতেও ভালো লাগে। বিদেশি ভাষার সাহিত্যকে বাংলায় রূপান্তরের পাশাপাশি টেলিভিশনের জন্য তৈরি করা শুরু হয়েছিল বিদেশি অনুষ্ঠানে ভাষান্তর। সেসব পায় দারুণ জনপ্রিয়তা। সেখানে সবই ঠিক থাকে, শুধু বিদেশির ঠোঁটে উচ্চারিত হবে বাংলা ভাষা। এটিই ডাবিং। এভাবেই অন্য ভাষার ছবিতে কণ্ঠ দিতেন বাঙালি কোনো শিল্পী।
ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির বিদেশি ভাষা ছবি থেকে বাংলায় রূপান্তর করা অংশটুকু সে জন্য সব থেকে জনপ্রিয় হয়ে ওঠে। একসময় বাংলাদেশ টেলিভিশনে বাংলায় ডাবিং করা দ্য সোর্ড অব টিপু সুলতান, আলিফ লায়লা, রোবোকপ, দ্য অ্যাডভেঞ্চার অব সিনবাদ, দ্য নিউ অ্যাডভেঞ্চার অব রবিন হুড অনুষ্ঠানগুলো পায় তুমুল জনপ্রিয়তা। এখনো ডাবিং করা সিরিয়াল ও ছবিগুলো ভীষণ আগ্রহ নিয়ে দেখছে মানুষ। চলুন পড়ে নেওয়া যাক আজ ডাবিং নিয়ে আমাদের আয়োজন।