বিদেশেও সেরা মোশাররফ করিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘জালালের গল্প’ চলচ্চিত্রের দৃশ্য
‘জালালের গল্প’ চলচ্চিত্রের দৃশ্য

পর্তুগালের আভাঙ্কা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার অর্জন করেছেন বাংলাদেশের মোশাররফ করিম। নির্মাতা আবু শাহেদ ইমনের জালালের গল্প চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার জেতেন মোশাররফ। শুধু তাই নয়, ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত জালালের গল্প ছবিটি জিতে নিয়েছে উৎসবের সেরা ছবির পুরস্কার। আভাঙ্কা উৎসবে ‘আফটার ওয়ার, বিফোর ওয়ার’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন চেক প্রজাতন্ত্রের ইরিনা দেমিখ।

পর্তুগালের আভাঙ্কা শহরে গত ২০-২৬ জুলাই অনুষ্ঠিত হয় আভাঙ্কা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এটি ছিল উৎসবের ১৯তম আসর। পর্তুগিজ সরকারের সহায়তায় উৎসবের আয়োজক আভাঙ্কা সিনে ক্লাব এবং এস্তেরেজা মিউনিসিপালিটি। উৎসবের আনুষ্ঠানিক ওয়েবসাইটে বলা হয়েছে, ১২১টি দেশের দুই হাজার দু শ চলচ্চিত্র এই উৎসবে প্রতিযোগিতার জন্য নিবন্ধিত হয়। এর মধ্য থেকে ১১৮ ছবি বিভিন্ন বিভাগে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়। এর মধ্যে বাংলাদেশ, চেক প্রজাতন্ত্র, যুক্তরাষ্ট্র ও স্পেনের চারটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র জুরি বোর্ডের সদস্যদের চূড়ান্ত ফলাফলে পুরস্কার লাভ করে।
উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, ‘উৎসবে দর্শক ও জুরি বোর্ডের সদস্যরা ছবিটির ভূয়সী প্রশংসা করেছেন।’
এদিকে এবারই প্রথম আন্তর্জাতিক কোনো পুরস্কার পেলেন মোশাররফ করিম। আর তাই অনেক উচ্ছ্বসিত তিনি। বললেন, ‘আমরা যখন টাঙ্গাইলে ছবিটির কাজ করি, তখন অনেক কষ্ট করেছি। ভীষণ ভালোবেসে সবাই ছবিটির জন্য পরিশ্রম করেছে। গল্পে প্রচুর পরিবর্তন এবং পরিমার্জন করছেন পরিচালক আবু শাহেদ ইমন। এটা সেই পরিশ্রমেরই ফল।এ ধরনের প্রাপ্তির জন্য ছবির সঙ্গে সংশ্লিষ্ট সকল অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীদের ধন্যবাদ।’

‘জালালের গল্প’ চলচ্চিত্রের দৃশ্য
‘জালালের গল্প’ চলচ্চিত্রের দৃশ্য


পুরস্কার পাওয়ার খবরটা কীভাবে জানলেন জানতে চাইলে মোশাররফ বলেন, ‘আমি এমনিতে কোনো কাজ শেষ করার পর আর কোনো খোঁজ নিই না। জালালের গল্প সিনেমার ক্ষেত্রেও তেমনটাই ঘটেছে। শুটিং শেষ হওয়ার পর ছবিটি কোন উৎসবে প্রদর্শিত হচ্ছে কী না তা নিয়েও আমার কোনো মাথাব্যথা ছিল না। গতকাল সোমবার রাতে পরিচালক আবু শাহেদ ইমন যখন খবরটা জানাল তখনো বিশ্বাস হচ্ছিল না। আমি জানি, সেখানে তো বিভিন্ন দেশের বড় বড় অভিনেতারা ছিলেন। তাঁদের মধ্য থেকে আমি শ্রেষ্ঠ অভিনেতা হব? কিন্তু শেষ পর্যন্ত শ্রেষ্ঠ অ্যাক্টর হয়ে গেলাম! ব্যাপারটা ঠিক কখনো এর আগে ঘটেনি। বেশ বিস্মিত হইছি। গ্রেট ফিলিংস। সত্যিই অনেক বেশি আনন্দিত। এটা যেহেতু প্রথম আন্তর্জাতিক পুরস্কার তাই আনন্দের মাত্রা সীমা ছাড়িয়ে গেছে।’
জালালের গল্প ছবিটি ২০১৪ সালে ১৯তম বুসান চলচ্চিত্র উৎসবের এশিয়ান সিনেমা ফান্ড পেয়েছে। ওই উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগ ‘নিউ কারেন্টস’ বিভাগে প্রথম বাংলাদেশি ছবি হিসেবে বিশ্ব প্রিমিয়ার হয়েছিল জালালের গল্পের। এ ছাড়াও একই বছরের নভেম্বরে ভারতের গোয়াতে অনুষ্ঠিত ৪৫ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘অ্যা উইন্ডো অন সাউথ এশিয়ান সিনেমা’ বিভাগে একমাত্র বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে প্রদর্শনের জন্য মনোনীত হয় ছবিটি। ২০১৫ সালের ফেব্রুয়ারিতে ভারতের রাজস্থানে অনুষ্ঠিত সপ্তম জয়পুর চলচ্চিত্র উৎসবে মূল প্রতিযোগিতা বিভাগেও অংশ নিয়েছিল ছবিটি। সেখানে জালালের গল্প ছবির জন্য ইমন পেয়েছিলেন সেরা নবাগত নির্মাতার পুরস্কার। গত এপ্রিলে ইরানের রাজধানী তেহরানে ৩৩তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং এ মাসের ১৭-২৩ তারিখে ফিজির রাজধানী সুভাতে অনুষ্ঠিত ৬ষ্ঠ ফিজি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত ও প্রশংসিত হয়েছে জালালের গল্প।
বিদেশে প্রদর্শিত ও পুরস্কৃত হলেও জালালের গল্প এখনো দেশের দর্শকেরা দেখেননি। অবশ্য আবু শাহেদ ইমন পরিচালিত ছবিটি এরই মধ্যে বাংলাদেশে সেন্সর সনদ লাভ করেছে। এখন প্রেক্ষাগৃহে মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছে। মোশাররফ করিম ছাড়া ছবিটির অন্য অভিনয়শিল্পীরা হলেন মৌসুমি হামিদ, তৌকির আহমেদ, শর্মীমালা, নূরে আলম নয়ন, মিতালি দাশ, ফজলুল হক, আহমেদ গিয়াস প্রমুখ। ছবিটির নাম ভূমিকায় অভিনয় করেছেন মোহাম্মদ ইমন ও আরাফাত রহমান। জালালের গল্প ছবির সংগীত পরিচালনা করেছে গানের দল চিরকুট।