বিদেশের প্রেক্ষাগৃহে দেশের চলচ্চিত্র

যুক্তরাজ্যের বিভিন্ন শহরের সিনেমা হলগুলোতে এখন বাংলাদেশের চলচ্চিত্র প্রদর্শন করা হচ্ছে। সেপ্টেম্বর মাসের গোড়াতে প্রদর্শিত হয় মোক্তাদির ইবনে ছালাম পরিচালিত বাউল শাহ আবদুল করিমের জীবনের ওপর নির্ভর করে চলচ্চিত্র ‘রঙ্গের দুনিয়া’। এবার দেশটির সাতটি শহরে প্রদর্শিত হচ্ছে অনিমেষ আইচ পরিচালিত চলচ্চিত্র ‘ভয়ংকর সুন্দর’। আর এই প্রদর্শনীর আয়োজন করেছে বেঙ্গলি ফিল্ম ক্লাব।
জানা গেছে, ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রটি গতকাল রোববার লন্ডনের বলিয়ান সিনেমায় আর আজ সোমবার থেকে রসডেল, লেইস্টার, কার্ডিফ, ম্যানচেস্টার, লুটন ও ব্রিস্টল শহরে প্রদর্শিত হচ্ছে চলচ্চিত্রটি।
বেঙ্গলি ফিল্ম ক্লাবের পরিচালক স্বাধীন খসরু বলেন, ‘প্রবাসী বাংলাদেশিদের জন্য দেশের চলচ্চিত্র বিদেশের প্রেক্ষাগৃহে বসে দেখার আয়োজন করছি। প্রবাসীরা সাড়া দিচ্ছেন। “রঙ্গের দুনিয়া” চলচ্চিত্রের পর এবার অনিমেষ আইচ পরিচালিত “ভয়ংকর সুন্দর” চলচ্চিত্রটি প্রদর্শন করছি আমরা। আশা করছি, দর্শক উপস্থিতির মধ্য দিয়ে সফল প্রদর্শনী অনুষ্ঠিত হবে।’
‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রে অভিনয় করেছেন ভারতের বাংলা ছবির এ সময়ে অন্যতম জনপ্রিয় নায়ক পরমব্রত চট্টোপাধ্যায় ও ভাবনা। গত ৪ আগস্ট বাংলাদেশর প্রেক্ষাগৃহে মুক্তি পায় চলচ্চিত্রটি। যুক্তরাজ্য ছাড়াও চলচ্চিত্রটি অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরেও প্রদর্শিত হবে।
এবার প্রবাসী দর্শকেরা ‘ভয়ংকর সুন্দর’ ছবিটি দেখবেন, তাতে দারুণ খুশি ভাবনা। তিনি বলেন, ‘যখন বাইরে যাই, তখন আমি প্রবাসীদের দেশপ্রেম অনুভব করি। দেশের চেয়ে দেশের বাইরে থাকলেই দেশপ্রেম বেশি অনুভব করা যায়। আমাদের প্রবাসীরা দেশকে তেমনই ভালোবাসেন। আমার বিশ্বাস, তাঁরা “ভয়ংকর সুন্দর” দেখতে হলে যাবেন। যদি ছবিটি তাঁরা উপভোগ করেন, তাহলেই এই প্রদর্শনী আয়োজন সার্থক হবে।’
আয়োজক স্বাধীন খসরু জানান, বেঙ্গলি ফিল্ম ক্লাব ইউকের ওয়েবসাইট (https://www.bengalifilmclub.uk/) অথবা সরাসরি হল কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করা যাবে। ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রটি আগামী সপ্তাহেও প্রদর্শিত হবে।