বিদ্যা ও সিদ্ধার্থের বিবাহোত্তর সংবর্ধনা চেন্নাইতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসছে ডিসেম্বরে বিদ্যা বালানের বিয়ের বাদ্যি বাজার গুজব চাউর হওয়ার পর এবার তাঁর বিবাহোত্তর সংবর্ধনার খবর দিলেন তাঁরই কাছের এক বন্ধু। তিনি জানিয়েছেন, বিদ্যা ও সিদ্ধার্থ রয় কাপুরের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে চেন্নাইয়ে। এ প্রসঙ্গে বিদ্যার কাছের ওই বন্ধু বলেন, ‘পুরোদমে এগিয়ে চলেছে বিদ্যা ও সিদ্ধার্থের বিয়ের প্রস্তুতি। মুম্বাইয়ে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে পরিবারের সদস্যদের সঙ্গে চেন্নাইয়ে যাবেন বিদ্যা ও সিদ্ধার্থ। সেখানেই তাঁদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে। বিয়ের অনুষ্ঠানের মতো তাঁদের বিবাহোত্তর সংবর্ধনাও খুব বেশি আড়ম্বরপূর্ণ হবে না। বিদ্যা ও সিদ্ধার্থের কাছের কয়েকজন বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদের উপস্থিতিতে সম্পন্ন হবে এই সংবর্ধনা।’ এক খবরে এমনটিই জানিয়েছে ‘হিন্দুস্তান টাইমস’।অনেক দিন ধরেই প্রেম করছেন বলিউডের অভিনেত্রী বিদ্যা বালান ও ইউটিভি মোশন পিকচার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ রয় কাপুর। শুরু থেকেই নিজেদের প্রেম নিয়ে লুকোচুরি খেলেছেন তাঁরা। অবশেষে গত আগস্টে তাঁদের বিয়ের গুজব ছড়ালে প্রেমের বিষয়টি স্বীকার করেন তাঁরা। কিছুদিন আগে আবারও তাঁদের বিয়ের জোর গুঞ্জন উঠলে বিদ্যা বলেন, ‘আমরা বিয়ে করব, তবে বিয়ের তারিখ এখনো চূড়ান্ত হয়নি।’