বিদ্যার ডার্টি পিকচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছি ছি, এ কী হাল হয়েছে বিদ্যা বালানের! পরিণীতা, লাগে রাহো মুন্নাভাই, পা’র মিষ্টি অভিনেত্রী বিদ্যার ছবির ট্রেলার কিনা সেন্সর বোর্ডের কাঁচির মুখে পড়েছে! যদিও এতে বিদ্যার থোড়াই কেয়ার! পা, ইশকিয়ার পর এই নোংরা ছবি, থুক্কু; ডার্টি পিকচার দিয়েই সেরা অভিনেত্রীর পুরস্কার বগলদাবা করার স্বপ্নে বিভোর বিদ্যা। নাসিরউদ্দিন শাহ, এমরান হাশমি, তুষার কাপুর—ছবির তিন নায়কের সঙ্গে রগরগে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছেন বিদ্যা। যে কারণে পুরো ছবিটি সেন্সর বোর্ড প্রাপ্তবয়স্কদের জন্য সনদপত্র দিয়েছে। কী মনে করে এ রকম একটি ছবি করলেন তিনি? ‘অভিনয়শিল্পীদের কি কোনো সীমারেখা থাকা উচিত? তা ছাড়া বিভিন্ন চরিত্রে রং ছড়ানোটা আমার নেশা’—সাফ জানিয়ে দিলেন মিস বালান। ছবিতে তাঁর মেদবহুল স্থূল শরীরের নিন্দা করেছেন কথিত সাবেক প্রেমিক-নায়ক শহীদ কাপুর। অবশ্য বিদ্যার ভক্তরা এর সাফাই গেয়েছেন ভিন্নভাবে, শহীদ জানেনই না বিদ্যা এ ছবির জন্য ইচ্ছা করেই ১০ কিলো ওজন বাড়িয়েছেন। আশির দশকের দক্ষিণের ‘হিট অ্যান্ড হট’ নায়িকা সিল্ক স্মিতাকে (মূল নাম বিজয়ালক্ষ্মী) নিয়ে ছবির প্লট। ১৭ বছরে ৪০০-এর মতো ছবিতে অভিনয় করে সিল্ক স্মিতা ইতিহাস সৃষ্টি করেন। কয়েক বছর আগে তাঁর আত্মহত্যাও খবরের শিরোনাম হয়। যদিও সিল্কের ভাই সম্প্রতি মামলা ঠুকে দিয়েছেন প্রযোজক একতা কাপুর ও পরিচালক মিলন লুথরিয়ার বিরুদ্ধে। তাঁর বোনকে নাকি বাজেভাবে উপস্থাপন করা হয়েছে ছবিতে! সমাজবিদ্যায় পড়াশোনা করা বিদ্যা বালান অবশ্য মনে করেন না, নারীকে এ ছবিতে দৃষ্টিকটুভাবে উপস্থাপন করা হয়েছে; বরং পুরুষতান্ত্রিক পরিবেশেও যে নারীরা নিজেদের বুদ্ধিমত্তা ব্যবহার করে নিজেদের অবস্থান গড়ে নিতে পারেন—এটাই ছবির মূল বার্তা। ডার্টি পিকচার-এ অভিনয় করার জন্য আশির দশকের অর্ধশত দক্ষিণী-হিন্দি ছবি দেখতে হয়েছে বিদ্যাকে। তোহফা, হিম্মতওয়ালার শ্রীদেবী-জিতেন্দ্রর মতো নাসিরউদ্দিন শাহের সঙ্গে নাচতে হয়েছে। ‘উ লা লা লা’ গানটি তো ইতিমধ্যেই চার্টের শীর্ষে অবস্থান করছে। যদিও বিশাল শেখরের সংগীত পরিচালনায় বাপ্পি লাহিড়ী-শ্রেয়া ঘোষালের গাওয়া এই গানটি তামিল ছবি কাধালিল ভিজুনথেন-এর নাক্কা মুক্কা গানের হিন্দি সংস্করণ। গানের পাশাপাশি ছবিতে বিদ্যার রংচটা পোশাক নিয়েও আলোচনা চলছে সবখানে। বিদ্যা নিজেই সব প্রচারণায় ছবির ‘সিল্ক’ চরিত্রের আদলে শাড়ি পরে হাজির হচ্ছেন। ছোট শহরগুলোতে প্রচারণার জন্য অভিনব এক পরিকল্পনা করে এগোচ্ছেন বিদ্যা। প্রতিটি শহর থেকে বিদ্যা একটি করে শাড়ি কিনছেন এবং সে শহর থেকে বিদ্যার পছন্দ করা দর্জি তাঁর ব্লাউজ তৈরি করে দিচ্ছেন। সেই শাড়ি-ব্লাউজ পরেই বিদ্যা ছবির প্রচার চালাচ্ছেন। ডার্টি পিকচার মুক্তি পাচ্ছে আগামী ২ ডিসেম্বর।  রুম্মান রশীদ খান[আইবিএন লাইভ, আইএমডিবি, বলিউড হাঙ্গামা ডটকম অবলম্বনে]