বিদ্যার পুরোনো দিনের ধ্রুপদি সুর
শুরুর দিকে কেমন যেন একটু সমস্যা হচ্ছিল। ঠিক যেন জমছিল না। কিন্তু সেই অস্বস্তিকর অবস্থা কাটিয়ে উঠতে বেশি সময় লাগেনি। যন্ত্রপাতি ঠিকঠাক করে নিয়ে ধীরে ধীরে সুরের গভীরে প্রবেশ করলেন শিল্পী বিদ্যা শাহ বিলম্বিত লয়ে। দর্শকেরাও নড়েচড়ে বসলেন। সারগাম আর তানে সুরের ধারা ছড়িয়ে দিলেন তিনি। রাগনির্ভর হারানো দিনের গানের অসাধারণ সন্ধ্যা উপভোগ করলেন শ্রোতারা।ভারতীয় হাইকমিশনের ইন্ধিরা গান্ধী সংস্কৃতিকেন্দ্রের উদ্যোগে শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় গতকাল শুক্রবার আয়োজন করা হয়েছিল এই সংগীতানুষ্ঠান। শিল্পী বিদ্যা শাহ বিংশ শতকের শুরুর দিকে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের নারী শিল্পীদের গাওয়া বিভিন্ন জনপ্রিয় গান গেয়ে শোনান।অনুষ্ঠান শুরুর আগেই ভরে উঠেছিল জাতীয় নাট্যশালা মিলনায়তন। হলুদ গাঁদা, রজনীগন্ধা আর গোলাপের পাপড়ির সঙ্গে সবুজ দিয়ে চমৎকারভাবে সাজানো হয়েছিল জাতীয় নাট্যশালার বাইরের প্রাঙ্গণ। ভেতরে মূল মিলনায়তনের মঞ্চটিও সাজানো ছিল গাঁদা ফুলের মালা দিয়ে।মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে সংগীতসন্ধ্যার উদ্বোধন করেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিসচিব সুরাইয়া বেগম। সভাপতিত্ব করেন বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার রজিত মিত্তার।উপমহাদেশীয় উত্তর ও দক্ষিণ ঘরানায় পারদর্শী এই শিল্পী শুরুতেই গেয়ে শোনান ১৯০৫ সালে জোহরা বাঈয়ের গাওয়া ‘আরজি শুনো’ গানটি। শাস্ত্রীয় সংগীতের মাধুর্য আর সুরের ধারা ছড়িয়ে পড়ল পুরো মিলনায়তনে। এরপর তাঁর পরিবেশনা ছিল ১৯০২ সালে গহওর জানের গাওয়া ‘জো পুছা কাহো আজ কেয়া হো রাহাহে’ গানটি। তৃতীয় গান ‘ঘারমে বাজে গ্রামোফোন’। বর্ষাকে বন্দনা করে পরের গান ছিল ‘শাওন মে মেরা না ভুলনা’। ভিন্ন রকম এক সংগীতসুধায় মন ভিজিয়ে ঘরে ফিরে গেলেন শ্রোতারা।