বিদ্যার ‘বশীকরণ মন্ত্র’!
‘ঘনচক্কর’ ছবির জোর প্রচারণা চালাচ্ছেন বিদ্যা বালান। সম্প্রতি এই ছবির প্রচারণার জন্য ‘মিসেস পাম্মি পেয়ারেলাল’ টিভি সিরিজে দেখা গেছে তাঁকে। স্বামীকে বশে রাখতে করণীয় সম্পর্কে ওই সিরিজে নানা পরামর্শ দিয়েছেন এ তারকা অভিনেত্রী। ‘ঘনচক্কর’ ছবিতে কর্তৃত্বপরায়ণ স্ত্রী ‘নিতু’ চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা বালান। আর ‘মিসেস পাম্মি পেয়ারেলাল’ সিরিজের কেন্দ্রীয় চরিত্র ‘পাম্মি’ একজন পালোয়ানের মেয়ে। সিরিজের একটি দৃশ্যে নিতুকে পাম্মি বলে, পেশিশক্তি দিয়েই সে তাঁর স্বামীকে বশে রাখে। তখন নিতুও স্বামীকে বশে রাখার নানা মন্ত্র জানায় পাম্মিকে। এক খবরে জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ। পাম্মিকে উদ্দেশ করে নিতু (বিদ্যা বালান) বলেন, স্বামীর সামনে সব সময় রঙিন সাজে সেজে থাকা উচিত। এমন একটা ভাব করে থাকতে হবে, যেন সে (স্ত্রী) কিছুই বোঝে না। মাঝেমধ্যে শান্ত গরু কিংবা বিড়ালের মতো আচরণ করলেও ভালো ফল পাওয়া যায়।