বিদ্যাসাগর ও উনিশ শতকের সমাজচিত্র
ঊনবিংশ শতকের শেষার্ধের সামাজিক প্রেক্ষাপট ছিল এখনকার চেয়ে আলাদা। সে সময় বিধবাবিবাহ প্রচলন, বাল্যবিবাহ রোধ, নারীশিক্ষা বিস্তার ও বাংলা ভাষার আধুনিকীকরণে অগ্রণী ভূমিকা রেখেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তৎকালীন সামাজিক পরিপ্রেক্ষিত ও বিদ্যাসাগরের ভূমিকা নিয়েই আরণ্যক নাট্যদলের এবং বিদ্যাসাগর নাটকের গল্প। গতকাল সোমবার শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় ছিল এর মঞ্চায়ন। এবং বিদ্যাসাগর নাটকটিতে ঊনবিংশ শতাব্দীর তথাকথিত বাবু কালচার ও ইয়ং বেঙ্গলের ধ্যানধারণার বিষয়টি তুলে ধরা হয়েছে। সে সময়ের কলকাতাকেন্দ্রিক নাগরিক সমাজের একটা ছবি দর্শকের সামনে ফুটে ওঠে। নাটকে শুধু বিদ্যাসাগরের জীবন আখ্যান নয়, বরং স্থান পেয়েছে সেই সময়ের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক চিত্র। বিদ্যাসাগরের চারিত্রিক দৃঢ়তা, বিশেষ করে বিধবাবিবাহ প্রচলন ও বল্যবিবাহ রোধে তাঁর সাহসী ভূমিকা, শিক্ষা সংস্কার, নারীশিক্ষা, বাংলা পাঠ্যপুস্তক রচনা, বিধবাবিবাহ চালু ও বহুবিবাহ রোধের মতো সমাজ সংস্কার, চারিত্রিক দৃঢ়তা, দানশীলতা, সাহিত্যচর্চা—এসবও এসেছে কাহিনির সূত্র ধরে। মাইকেল মধুসূদন দত্তের সঙ্গে বিদ্যাসাগরের সম্পর্কও নাটকে সুন্দরভাবে উঠে এসেছে।আরণ্যক নাট্যদলের ৪৬তম প্রযোজনা এবং বিদ্যাসাগর নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, মান্নান হীরা, আমিনুল হক, মোমেনা চৌধুরী, আরিফ হোসেন, আমানুল হক, দীপক সুমন, আবু হাশিম মাসুদুজ্জামান, কামরুল হাসান প্রমুখ।যশোরে নাট্যোৎসব শুরুযশোর অফিস জানিয়েছে, ‘সামাজিক অসংগতির বিরুদ্ধে নাটক’ স্লোগান নিয়ে গতকাল সোমবার নাট্যসংগঠন বিবর্তন যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ শাখার উদ্যোগে দুই দিনব্যাপী নাট্যোৎসব শুরু হয়েছে। সংগঠনের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাসের মধুমঞ্চে এ উৎসব অনুষ্ঠিত হচ্ছে।গতকাল প্রথম দিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনুশীলন নাট্যদলের প্রযোজনায় প্রতিপক্ষ ও সুনাগরিকের সন্ধানে নাটক দুটি মঞ্চস্থ হয়। রচনা ও নির্দেশনায় ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের চেয়ারম্যান মলয় ভৌমিক।উৎসবের উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম এবাদুল হক। পরে ক্যাম্পাসে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে সংগঠনের সভাপতি উত্তম কুমার রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন এস এম এবাদুল হক, মলয় ভৌমিক, সনোয়ার আলম খান, জিল্লুল বারী, মহিউদ্দিন আহম্মদ, শরিফুল হাসান, দেবাশীষ রায় প্রমুখ। স্বাগত বক্তব্য দেন নাট্যোৎসব উদ্যাপন পর্ষদের সদস্যসচিব কামরুল হাসান। উপস্থাপনা করেন তাগদীরুল গনি। নাটকের পর ছিল আবৃত্তি।টেস্ট অব ঢাকারাজধানী ঢাকার ৪০০ বছর পূর্তি উৎসবের সমাপনী পর্যায়ে ২৩ ডিসেম্বর শুরু হচ্ছে তিন দিনব্যাপী প্রাচীন ঢাকার ঐতিহ্যবাহী খাবারের মেলা ‘টেস্ট অব ঢাকা ২০১০’। ‘ঢাকা কেন্দ্র’ ও ‘স্পেলবাউন্ড’-এর যৌথ উদ্যোগে এবং ‘সিটি গ্রুপ’-এর সহযোগিতায় এই মেলা অনুষ্ঠিত হবে কলাবাগান ক্রীড়াচক্র মাঠে।গতকাল জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। বিমান ও পর্যটনসচিব এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের চেয়ারম্যান শফিক আলম মেহেদী, ঢাকার ৪০০ বছর পূর্তি উদ্যাপন কমিটির আহ্বায়ক ও ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান মোহাম্মদ আজিম বখ্শ এবং স্পেলবাউন্ডের প্রধান নির্বাহী সাদেকুল আরেফিন সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকার ৪০০ বছরের ঐতিহ্যকে ধরে রাখার জন্য দ্বিতীয়বারের মতো এ ধরনের খাবারের মেলার আয়োজন করা হয়েছে। বক্তারা বলেন, এই মেলা আয়োজনের উদ্দেশ্য হলো, নগরবাসী যাতে ঐতিহ্যবাহী ঢাকাইয়া খাবারের সঙ্গে নতুন করে পরিচিত হয় এবং এসব খাবারের মজাদার স্বাদ উপভোগ করার সুযোগ পায়। মেলায় হাজির বিরিয়ানি, নান্নার মোরগ পোলাও, শমসেরের ভুনা খিচুড়ি, মুস্তাকিমের চপ, বাকরখানি, বিউটি লাচ্ছিসহ খাবারের প্রায় ৫০টি দোকান অংশ নেবে। খাবারের দোকান ছাড়াও মেলা প্রাঙ্গণে প্রাচীন ঢাকার স্থিরচিত্র, শঙ্খ ও মোষের শিংয়ের তৈরি সামগ্রী এবং ঢাকাইয়া কবিতা আবৃত্তির সিডি প্রদর্শনীর আয়োজন করা হবে। বিভিন্ন বিষয়ে অবদানের জন্য ঢাকার বিশিষ্ট নাগরিকদের সম্মাননা পুরস্কারে ভূষিত করা হবে।