
১৯১২ সালের লন্ডন। সেখানকার একটি কারখানার নারী শ্রমিক মড ওয়াটস। সহকর্মী সনি ওয়াটসের সঙ্গে সংসার। ছোট একটি ছেলে আছে তাঁদের। মডের মা ছিলেন একই কারখানার শ্রমিক। সেই সুবাদে খুব অল্প বয়স থেকেই মডের ওই কারখানায় যাতায়াত। মায়ের মৃত্যুর পর মাত্র সাত বছর বয়সেই কাজে লেগে পড়লেন। ১২ বছর বয়সেই পূর্ণকালীন কর্মী। সিসা পরিষ্কার করে সপ্তাহে তাঁর রোজগার মাত্র ১৩ শিলিং। অথচ একই কাজে একজন পুরুষের সাপ্তাহিক মজুরি ১৯ শিলিং। শুধু বৈষম্য নয়, মড ওই কারখানার বড় কর্তা নরম্যান টেইলরের কাছে যৌন নিপীড়নেরও শিকার হন।
একদিন তিনি প্রস্তাব পেলেন ভায়োলেট মিলারের সঙ্গে পার্লামেন্টে যাওয়ার। শ্রমজীবী নারীদের সম্পর্কে বলতে হবে সেখানে। পাশাপাশি নারীর ভোটাধিকার বিলের পক্ষে যুক্তি তুলে ধরবেন ভায়োলেট। কিন্তু সেদিন প্রচণ্ড মারধর করা হলো তাঁকে। পার্লামেন্টে যাওয়ার মতো অবস্থা তাঁর আর নেই। ঘটনাচক্রে মডকেই বক্তার ভূমিকা নিতে হয়। লিখিত বক্তব্য দূরে সরিয়ে রেখে তিনি বললেন হৃদয় থেকে, অভিজ্ঞতা থেকে।
সেই থেকে জীবনটা বদলে গেল। মড হয়ে গেলেন নারী আন্দোলনের সক্রিয় কর্মী। নারীর বঞ্চনা দেখে দেখে ক্ষোভ বাড়তে থাকে তাঁর। জানতে পারেন তাঁর সহকর্মী ম্যাগি মিলারও, ভায়োলেটের মেয়ে, টেইলরের অফিসে নিপীড়নের শিকার হয়েছেন। টেইলর বিশ্বাস করেন, ‘নারীর কোনো অধিকার থাকতে নেই।’ তিনি মডকে বলেন, ‘ভোট দেওয়ার কাজটা আমাদের ওপরই ছেড়ে দাও।’
ভোটাধিকার বিল পাস করার মতো পর্যাপ্ত সাক্ষ্য ও সমর্থন মেলে না। পার্লামেন্ট ভবনের সামনে নারী বিদ্রোহীরা বিক্ষোভ করেন। পুলিশ হামলা চালায়, অনেকে আহত হন। মড ও তাঁর সঙ্গী এডিথ এলিনসহ আরও কয়েকজন কারাবন্দী হন। সেখানে টেনেহিঁচড়ে নেওয়ার সময় কাপড়চোপড় ছিঁড়ে যায় তাঁদের। শত নির্যাতনেও তাঁরা অদম্য। ‘সাফ্রাজেট’ আন্দোলন আরও চাঙা হয়, শ্রমজীবী নারীদের অংশগ্রহণে সার্বক্ষণিক রূপ নেয়। নেতৃত্ব দেন আজীবন সংগ্রামী এমেলিন প্যাঙ্কহার্স্ট। ক্রমেই সহিংসতার দিকে এগোয় আন্দোলন, চিঠির বাক্সে বোমা রাখার পথ বেছে নেন বিদ্রোহী নারীরা। মডকে অনেক বেশিই মূল্য দিতে হয়। তবু তিনি হাল ছাড়েন না।
২০ শতকের শুরুর দিকের এই ঘটনা নিয়েই নির্মিত হয়েছে সাফ্রাজেট ছবিটি। এতে দেখানো হয়েছে, সম-অধিকারের দাবিতে ব্রিটেনের একদল নারী কীভাবে স্বামী, সংসার, চাকরি—সবকিছু হারানোর প্রস্তুতি নিয়েই আন্দোলনে জড়িয়ে যান। বিশ্বের অনেক দেশেই এখনো নারীর অধিকার অত্যন্ত সীমিত বা নেই বললেই চলে। তাই ইতিহাসনির্ভর ছবিটি এখনো প্রাসঙ্গিক।
সম-অধিকারের দাবিতে নারীরা কী কী ত্যাগ স্বীকার করেছেন, সেটাই ফুটিয়ে তোলা হয়েছে ছবিটিতে। মডের চরিত্রে অভিনয় করেছেন কেয়ারি মালিগ্যান, আর এমেলিনের চরিত্রে মেরিল স্ট্রিপ। পর্দায় তাঁর উপস্থিতি বড়জোড় পাঁচ মিনিটের। কিন্তু পুরো ছবিতেই চরিত্রটির প্রভাব টের পাওয়া যায়। পরিচালনা করেছেন সারাহ গ্যাভরন। চিত্রনাট্য লিখেছেন অ্যাবি মরগান।
যুক্তরাজ্যের বিভিন্ন প্রেক্ষাগৃহে আগেই মুক্তি পেয়েছে সাফ্রাজেট। আর যুক্তরাষ্ট্রের কয়েকটি শহরে মুক্তি পাচ্ছে কাল ২৩ অক্টোবর।
মুভি ইনসাইডার, এইচআইটিসি ও টেলিগ্রাফ অবলম্বনে