বিনম্র রোদের ছায়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারুকণ্ঠ আবৃত্তি সংসদের নিয়মিত ত্রৈমাসিক আবৃত্তি অনুষ্ঠানের নাম ‘বিনম্র রোদের ছায়া’। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সেমিনার কক্ষে ছিল এ আবৃত্তি আসরের চতুর্দশ পর্ব। চারুকণ্ঠ কয়েক বছর ধরে এই শিরোনামে আবৃত্তিসন্ধ্যার আয়োজন করে আসছে। অনুষ্ঠানে প্রতিটি পর্বে একজন কবির কবিতা আবৃত্তি করেন চারুকণ্ঠের সদস্যরা। তারই ধারাবাহিকতায় কবি মুহাম্মদ সামাদের কবিতা দিয়ে সাজানো হয় এবারের অনুষ্ঠানটি।
কাব্যে বর্ণিত স্বদেশের কথা, মুক্তিযুদ্ধের গৌরবগাথা, প্রেম কিংবা প্রকৃতির কথা বাণীময় হয়ে ওঠে আবৃত্তিকারদের কণ্ঠে।
আয়োজনের শুরুতেই ‘কেন তোমাকে নেব না’ শিরোনামের কবিতা আবৃত্তি করেন মাহবুবা ইসলাম। মুবাশিশরুল ইসলামের কণ্ঠে ধ্বনিত হয় ‘তবে কি পূর্বজন্মে রাধা ছিল তোমার অরুণা’। ‘চলো, তুমুল বৃষ্টিতে ভিজি’ শীর্ষক কবিতা আবৃত্তি করেন ঝিনুক হালদার। সাইফুল ইসলাম পঠিত কবিতার নাম ছিল ‘অরুণা, তোমার আলো ভালোবেসে’। মারিয়া আক্তার আবৃত্তি করেন ‘এই বৃষ্টিতে’। এ ছাড়া কবির আরও কিছু কবিতা আবৃত্তি করেন বিরেশ্বর টি. বিজয়, গুলশান আরা, ইস্তাকুর রহমান, তাসলিমা আক্তার, মাজহারুল ইসলাম, ফাতেমা আক্তার, বিনয় সোম, পদ্মাবতী দেবী, জি এম ফাতেমা, স্বরোজ মেহেদী, মাহেজবীন তিথি ও আনোয়ার পারভেজ।
সংগঠনের সদস্য ছাড়াও ছিল আমন্ত্রিত আবৃত্তিশিল্পীদের নিয়ে কবিতাপাঠের বিশেষ পর্ব। এ পর্বে কবিতা আবৃত্তি করেন জোবদাতুল ইসলাম, আফরিন জাহান, সাবিহা ফেরদৌসী ও ফারজানা রোজি। শেষ পর্বে ছিল আলোচনা। এ পর্বে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক কাজল বন্দ্যোপাধ্যায়। আলোচনায় অংশ নেন কবি মুহাম্মদ সামাদ। সভাপতিত্ব করেন চারুকণ্ঠের সভাপতি নিরঞ্জন অধিকারী। অনুষ্ঠান সঞ্চালনা করেন আনোয়ার পারভেজ।