বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেল'পোড়ামন'

বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে জাকির হোসেন রাজু পরিচালিত ‘পোড়ামন’ ছবিটি। গতকাল বৃহস্পতিবার ছাড়পত্র পাওয়ার পরপরই ছবিটি মুক্তি দেওয়ার যাবতীয় প্রস্তুতি নিচ্ছে জাজ মাল্টিমিডিয়া।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আজিজ আহমেদ প্রথম আলো ডটকমকে জানান, রাজনৈতিক পরিবেশ ও আবহাওয়া অনুকূলে থাকলে ‘পোড়ামন’ মুক্তি পাবে ১৪ জুন।
মুক্তির আগে আগামীকাল শনিবার প্রকাশিত হতে যাচ্ছে ‘পোড়ামন’ ছবির অডিও অ্যালবাম। ছবিটির বেশির ভাগ গান লিখেছেন এবং সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল ও শফিক তুহিন। পাশাপাশি সংগীত পরিচালনাও করেছেন শফিক তুহিন। দুটি গানের সংগীতায়োজনে ছিলেন মুশফিক লিটু ও রাজিব। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি, পুলক, খেয়া, মিমি ও শফিক তুহিন।
বান্দরবানের একটি বাস্তব ঘটনা নিয়ে ‘পোড়ামন’ ছবির কাহিনি লিখেছেন আব্দুল্লাহ জহীর বাবু। ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সায়মন সাদিক, মাহিয়া মাহি, আনিসুর রহমান মিলন, আলীরাজ, লাক্স তারকা বিপাশা, ডন, রতন, মনিরা মিঠু, মিশা সওদাগর প্রমুখ।
‘পোড়ামন’ ছবিটি সম্পর্কে জাকির হোসেন রাজু বলেন, ‘আমার সবটুকু মেধা উজাড় করে দিয়ে ছবিটি তৈরির চেষ্টা করেছি। বিশাল বাজেটের ছবি নিয়ে ব্যক্তিগতভাবে আমি নিজেও অনেক গর্ববোধ করি। আমি মনে করি, দর্শকেরা তাঁদের নিজেদের বিনোদনের খোরাক পেতেই ছবিটি দেখতে প্রেক্ষাগৃহে যাবেন পরিবার নিয়ে।’
মাহি জানান, ‘এ ছবিতে অভিনয়ের মাধ্যমে নিজের প্রতি আত্মবিশ্বাস বেড়ে গেছে অনেকখানি। আমার ধারণা, এখন থেকে সব ধরনের চরিত্রেই সাবলীল অভিনয় করতে পারব।’