বিনা টিকিটে এলআরবি ও নেমেসিসের গান

এলআরবি এবং বর্তমান প্রজন্মের জনপ্রিয় ব্যান্ড নেমেসিস-ভক্তদের জন্য সুখবরই বটে। আজ বিকেল পাঁচটায় রাজধানীর মিরপুর স্টেডিয়ামের ৪ নম্বর গেটের সামনে এক কনসার্টে গাইবে এই দুটি ব্যান্ড। আর কনসার্টটি বিনা টিকিটে উপভোগের সুযোগ পাবেন এলআরবি ও নেমেসিস-ভক্তরা। কনসার্টটির আয়োজন করেছে আইসিসি। আয়োজনের সঙ্গে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে।
এ প্রসঙ্গে এলআরবির অন্যতম সদস্য আইয়ুব বাচ্চু বলেন, ‘আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে আজকের কনসার্টটির আয়োজন করা হয়েছে। এখানে আমরা আমাদের নতুন ও পুরোনো গানগুলোই পরিবেশন করব।’

আয়োজনের সঙ্গে সংশ্লিষ্টদের সূত্রে এ-ও জানা গেছে, আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে আজ সোমবার বিকেলে মিরপুর স্টেডিয়াম থেকে একটি র্যালি বের করা হবে। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হবে। আর তারপরই শুরু হবে কনসার্ট।
উল্লেখ্য, ২০ ফেব্রুয়ারি থেকে গ্রামীণফোন রেডিওতে মুক্তি পেয়েছে এলআরবির পাঁচটি নতুন গান। আর এর মধ্য দিয়ে এবারই প্রথম ডিজিটালি গান প্রকাশে নাম লেখালেন আইয়ুব বাচ্চু। গানগুলোতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি একটির কথাও লিখেছেন তিনি।