বিনা পয়সায় গান শুনলে আপত্তি নেই: মৌসুমী ভৌমিক
‘মানুষ বিনা পয়সায় আমার গান শুনলে কোনো আপত্তি নেই। কিন্তু যখন কেউ আমার এমন গানকে পুঁজি করে ব্যবসা ফাঁদে তাতেই যত আপত্তি। আর বাংলাদেশে এমনটাই সবচেয়ে বেশি হচ্ছে। অন্য সব শিল্পীর গানের মতো এখানে আমার গানও পাইরেসি হচ্ছে। আর এসব করে বিভিন্ন প্রতিষ্ঠান হাতিয়ে নিচ্ছে কাঁড়ি কাঁড়ি টাকা। অনেকটা ক্ষুব্ধ কণ্ঠে কথাগুলো বলছিলেন আধুনিক বাংলা গানের জনপ্রিয় শিল্পী মৌসুমী ভৌমিক। আজ মঙ্গলবার সকালে রাজধানীর মগবাজরে এক বাসায় তাঁর সঙ্গে কথা হয়। ২৫ মার্চ তিনি বাংলাদেশে এসেছেন।দীর্ঘদিন ধরে তিনি বাংলা লোকগান সংগ্রহ এবং এ নিয়ে গবেষণার কাজ করছেন। তারই অংশ হিসেবে চট্টগ্রামেও গিয়েছিলেন তিনি। কীর্তন, ভাটিয়ালি, আধুনিক এবং ভারত ও পশ্চিমা গানের সঙ্গে মেলবন্ধন করার জন্য ২০০২ সালে পারাপার নামে একটি গানের দলও গঠন করেন তিনি। পারাপার আসাম ও বাংলাদেশ থেকে বিভিন্ন লোকগান সংগ্রহ করছে।মৌসুমী ভৌমিকের গানের দল পারাপার ও এই গবেষণা তাঁর গান গাওয়ার ক্ষেত্রে কতটা ভূমিকা রাখছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি সাংঘাতিকভাবে অনুপ্রাণিত হচ্ছি। আমি যেসব গান করছি, তার সবই পারিপার্শ্বিক অবস্থা এবং নিত্যদিনের অভিজ্ঞতা থেকে পাওয়া। আমি এখানে শুধু একটি কথাই বলব, ১৯৯৮ সালে আমি প্রথম বাংলাদেশে গান করতে আসি। সেই আমি আর এখনকার আমির মধ্যে অনেক বেশি তফাত। এই ঢাকাতে আমি এখন অনেক বেশি সাবলীল। আর এসবই হয়েছে আমার গবেষণার কাজের ফলে।’পরিবারের কেউ গানের সঙ্গে জড়িত নয়, তাই একেবারে নিজ উদ্যোগেই গান শিখেছেন মৌসুমী ভৌমিক। কথা বলে আরও জানা গেছে, তিনি প্রতিদিনের জীবন, চারপাশ ও শিক্ষকদের কাছ থেকে যেমন গান শিখেছেন, ঠিক তেমনি বিভিন্ন অ্যালবাম শুনেও গান আত্মস্থ করেছেন। তবে গানের জন্য কখনোই তিনি পড়াশোনার ক্ষতি হতে দেননি। গান ও পড়ালেখা দুটিই সমানভাবে চালিয়ে গেছেন বলেও তিনি জানান।এবারের সফরে মৌসুমী ভৌমিক বেশির ভাগ সময় গবেষণার কাজ নিয়ে ব্যস্ত। কাজের ফাঁকে কয়েকটি অনুষ্ঠানে গান করতে হচ্ছে তাঁকে। আগামী বৃহস্পতিবার রাজধানীর বিয়াম মিলনায়তনেও একটি একক গানের অনুষ্ঠানে অংশ নেবেন।গবেষণার কাজ ও কয়েকটি অনুষ্ঠানে গান পরিবেশন শেষে আগামী ১ এপ্রিল ভোরে তিনি ঢাকা ছাড়বেন।