বিনা মূল্যে দেখা যাবে মুক্তি ও মানবতার সিনেমা
৮ জুন থেকে শুরু হচ্ছে নবম লিবারেশন ডকফেস্ট–২০২১। মুক্তি ও মানবতা নিয়ে নির্মিত দেশ–বিদেশের প্রামাণ্যচিত্রের এ মেলা চলবে ১২ জুন পর্যন্ত। স্বাধীনতার ৫০ বছর এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের ২৫ বছর পূর্তিতে এবারের উৎসবটি আয়োজন করা হচ্ছে অনলাইনে। ‘মুক্তি ও মানবাধিকার’ শিরোনামে এ প্রামাণ্যচিত্রের উৎসব আয়োজন করে মুক্তিযুদ্ধ জাদুঘর।
সাম্প্রতিক করোনা মহামারির কারণে উত্সবটি মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে আয়োজন করা সম্ভব হচ্ছে না। তাই উত্সবটি অনলাইনে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। প্রতিবছরের মতো এ বছরও উত্সবে নানা দেশের মুক্তি ও মানবাধিকার নিয়ে প্রামাণ্যচিত্র জমা পড়েছে।
উৎসবে এ পর্যন্ত ১১২টি দেশের ১ হাজার ৯ শতাধিক বেশি জমা পড়েছে। সেখান থেকে নির্বাচিত ১১৯টি প্রামাণ্যচিত্র প্রতিযোগিতা এবং প্রতিযোগিতার বাইরে প্রদর্শিত হবে। উত্সবে বেশ কয়েকটি শাখায় ছবি প্রদর্শিত হবে। এর মধ্যে আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হবে ৯টি ছবি।
সেগুলো হলো:
থ্রি লজিক্যাল এক্সিজটস, ডেনমার্ক। পরিচালক: মাহদী ফ্লেইফেল
আ ফেয়ারওয়েল টু বুকস, পর্তুগাল। পরিচালক: দিয়েগো কুয়েন্ড্রে দ্য কারভালহো
গেজ টু দ্য টাচ, রাশিয়ান ফেডারেশন। পরিচালক: মারিয়া প্রোনিয়া
হোম, অ্যান্ড আ ডিস্ট্যান্ট আর্কাইভ, হংকং। পরিচালক: ডরোথি চিউং
মেমোরি মিঙ্কা, পেরু। পরিচালক: লুই সিনোত্রা
আওয়ার হোম, ইরান। পরিচালক: স্যাম সোলেইমানি
সন অব স্ট্রিট, ফিলিস্তিন। পরিচালক: মোহাম্মদ আলমুঘানি
স্টোলেন ফিশ, যুক্তরাজ্য। পরিচালক: গোসিয়া জুজ্যাক।
এ বিভাগে বিচারক হিসেবে আছেন ভারতীয় প্রামাণ্যচিত্র নির্মাতা সুপ্রিয় সেনের নেতৃত্বে নেপালের ফিল্ম সাউথ এশিয়ার পরিচালক মিতু ভার্মা এবং দক্ষিণ কোরিয়ার প্রামাণ্যচিত্র নির্মাতা মুন চিল-পার্ক।
আন্তর্জাতিক প্রতিযোগিতার পাশাপাশি জাতীয় প্রতিযোগিতা বিভাগে থাকছে পাঁচটি নির্বাচিত প্রামাণ্যচিত্র। জাতীয় বিভাগে বিচারক হিসেবে থাকবেন চলচ্চিত্র নির্মাতা শামীম আখতার, চলচ্চিত্র নির্মাতা ফাখরুল আরেফিন খান এবং লেখক, অনুবাদক ও সমালোচক আলম খোরশেদ।
জাতীয় বিভাগে নির্বাচিত পাঁচটি ছবি হলো:
আ ম্যান্ডোলিন ইন এক্সাইল, পরিচালক: রফিকুল আনোয়ার রাসেল
অ্যাজ দ্য গ্রেইন রাইজেস, পরিচালক: আসমা বীথি
মাদার টাং, পরিচালক: এমডি, নাদিম ইকবাল
হোয়াই নট, পরিচালক: শেখ আল মামুন
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের রজতজয়ন্তী সামনে রেখে এবার উত্সবে থাকছে বেশ কয়েকটি আয়োজন। থাকছে বিগত পাঁচ দশকে নির্মিত মুক্তিযুদ্ধবিষয়ক প্রামাণ্যচিত্রের একটি ‘কিউরেটেড প্রদর্শনী’ও। পাশাপাশি মুক্তিযুদ্ধ জাদুঘরের আয়োজনে নির্মিত আগের মুক্তিযুদ্ধবিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে।
অন্যান্যবারের মতো এবারও প্রামাণ্যচিত্রের জন্য অনুদান দেওয়া হয়েছে। দুটি বিভাগে মোট চারটি ছবিকে এ অনুদানের জন্য নির্বাচিত করা হয়েছে। এ আয়োজনের নাম ‘এক্সপোজিশন অব ইয়াং ফিল্ম ট্যালেন্ট: স্টোরি টেলিং ওয়ার্কশপ ফর ডকুমেন্টারি ফিল্ম মেকার।’ ‘ঢাকা ডকল্যাব’ (প্রামাণ্যচিত্রের বাজার)–এ আয়োজনে সহযোগিতা করেছে। ভারতের প্রামাণ্যচিত্র নির্মাতা ও শিক্ষক নীলোত্পল মজুমদারসহ একাধিক প্রামাণ্যচিত্র নির্মাতা এ আয়োজন পরিচালনা করেছেন।
উত্সবে পাঁচ দিনব্যাপী প্রামাণ্যচিত্র প্রদর্শনীর পাশাপাশি অনলাইনে কয়েকটি প্যানেল আলোচনার আয়োজন করা হয়েছে। উৎসব পরিচালক জানিয়েছেন, মূলত ৫০ বছরে বাংলাদেশে চলচ্চিত্র, বিশেষ করে প্রামাণ্যচিত্র নির্মাণ ও চর্চা কোথায় এসে দাঁড়িয়েছে, তার বাস্তব অবস্থা জানতে এ প্যানেল আলোচনার আয়োজন। প্রতিদিন ছবি প্রদর্শনীর পাশাপাশি থাকবে প্যানেল আলোচনা।
৮ জুন সন্ধ্যায় ‘ইয়াং ফিল্ম মেকিং কমিউনিটি: একাডেমিক এডুকেশন অ্যান্ড ফিল্ম অ্যাজ ক্যারিয়ার’। ৯ জুন সন্ধ্যায় ‘ওম্যান ফিল্ম মেকারস ইন বাংলাদেশ’ এবং ১১ জুন দক্ষিণ এশীয় প্রামাণ্যচিত্র নির্মাতাদের নিয়ে ‘সাউথ এশিয়ান ডকুমেন্টারি ফিল্ম মেকার: লুকিং ফর অল্টারনেটিভ ন্যারেটিভ অ্যান্ড প্ল্যাটফর্ম ফর শোকেজিং ফিল্মস’ শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। এ প্যানেল আলোচনায় নির্ধারিত আলোচকদের পাশাপাশি তরুণ চলচ্চিত্র নির্মাতারা অংশগ্রহণ করার সুযোগ পাবেন।
উত্সবে প্রদর্শিত প্রামাণ্যচিত্রগুলো দেশের এবং দেশের বাইরে থেকে বিনা মূল্যে উত্সবের ওয়েবসাইটে নিবন্ধন করে দেখা যাবে। নিবন্ধনকারীর ঠিকানায় প্রামাণ্যচিত্রের তালিকা, সময়সূচি এবং তথ্য নিয়মিত পাঠানো হবে।
১২ জুন সন্ধ্যায় আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে অনলাইনে উত্সবের সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে পাঁচ দিনের এ উত্সব শেষ হবে। এর আগে গত ৬ থেকে ১০ এপ্রিল উৎসবটি আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় তা স্থগিত হয়।