বিনুর ‘মধু মাসে বন্ধু আসে’
বিনু আহমেদের গানের অ্যালবাম মধু মাসে বন্ধু আসে অ্যালবামটি বাজারে এসেছিল গত বছর ঈদে। এবার এসেছে ওই গানগুলো নিয়ে মিউজিক ভিডিও অ্যালবাম। আর এটি প্রকাশ করেছে সংগীতা। মধু মাসে বন্ধু আসে বিনুর তৃতীয় অ্যালবাম। এর আগে এসেছে ও নদীরে এবং ভালোবাসার অসীম নীল আকাশ। বিনু তাঁর নতুন অ্যালবামটি নিয়ে বললেন, ‘অ্যালবামের সব কটি গানই মৌলিক। আমার অন্য দুটি অ্যালবামের অধিকাংশ গানই মেলোডি-প্রধান আধুনিক গান। কিন্তু নতুনটিতে আধুনিক লোক ধাঁচের কিছু গান করেছি। এখানে গ্রামবাংলার চিরচেনা সুরকে প্রাধান্য দিয়েছি। আশা করছি, এই গানগুলো সবার মন ছুঁয়ে যাবে।’এই অ্যালবামের সব কটি গানের কথা লিখেছেন ও সুর করেছেন কিশোর শাহীন। আর মিউজিক ভিডিওগুলো পরিচালনা করেছেন এ বাবুল। বিনু আহমেদের মা গীতিকার জোবেদা খাতুন এবং বড় বোন কবি খোশনূর। বিনু বললেন, মধু মাসে বন্ধু আসে অ্যালবামটি দর্শকদের ভালো লাগলে তাঁর পরিশ্রম সার্থক হবে।