
২০১৭ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত ৬১টি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। এর মধ্যে দর্শক ১০টি ভালো মানের বিনোদন ছবি দেখতে পায়নি। ঢাকায় বর্তমানে আন্তর্জাতিক মানসম্পন্ন কারিগরি প্রযুক্তির চলচ্চিত্র নির্মাণের যাবতীয় সুযোগ-সুবিধা রয়েছে। ভালো মেধাবী চলচ্চিত্র নির্মাতা, কাহিনিকার, সংলাপ রচয়িতা ও চিত্রনাট্যকারের বড় সংকট দেখা যাচ্ছে। চলচ্চিত্রের দর্শক অনেক থাকলেও ভালো সিনেমা তৈরি না হওয়ায় দর্শক প্রেক্ষাগৃহবিমুখ হয়েছে। মাঝে-মধ্যে দু-একটি ভালো বিনোদননির্ভর ছবি মুক্তি পেলে দর্শক সেই ছবিগুলো দেখার জন্য প্রেক্ষাগৃহে ভিড় জমিয়েছে।
দেশে বর্তমানে ২০০ থেকে ২২০টি প্রেক্ষাগৃহে নিয়মিত চলচ্চিত্র প্রদর্শিত হয়। এই প্রেক্ষাগৃহগুলো থেকে দেড় থেকে দুই কোটি টাকা ব্যয়ে নির্মিত দু-একটি ভালো মানের বিনোদন সিনেমা পুঁজি ফেরত আসার পাশাপাশি ব্যবসা সফল হয়েছে। ২০১৭ সালে যৌথ প্রযোজনায় নির্মিত নবাব ও বস-টুছবি দুটি প্রায় ২৫০টি সিনেমা হলে প্রদর্শিত হয়।
নবাব এ বছর সর্বাধিক ব্যবসা সফল ছবি। ছবির নায়ক-নায়িকা ছিলেন শাকিব খান ও কলকাতার শুভশ্রী। বস-টুছবিতে কলকাতার জিৎ, শুভশ্রী ও বাংলাদেশের নূসরাত ফারিয়া অভিনয় করেন। ছবিটি মুক্তির সপ্তাহে পাইরেসি হয়ে যাওয়ার পরও প্রযোজনা সংস্থার পুঁজি ফেরত আসে। শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত, বুলবুল বিশ্বাস পরিচালিত রাজনীতি ছবিটি মুক্তির সময় কাকরাইলে ফিল্মি রাজনীতির শিকার হলে বিনিয়োগকৃত পুঁজির এক-তৃতীয়াংশ ফেরত আসেনি। তিনটি ছবি মুক্তি পায় পবিত্র ঈদুল ফিতরে। ঈদুল আজহায় শাকিব খান ও বুবলী অভিনীত রংবাজ ও অহংকার মুক্তি পায়। রংবাজছবির তুলনায় অহংকারছবির নির্মাণ ব্যয় কিছু কম হওয়ায় প্রযোজক তাঁর পুঁজি ফেরত পান। রংবাজ ছবিটি মুক্তি পাওয়া সপ্তাহে পাইরেসি হয়ে যাওয়ায় প্রযোজকের আর্থিক ক্ষতি হয়। এ বছর মুক্তিপ্রাপ্ত প্রেমিওপ্রেমি, মিসড্কল, কতস্বপ্নকতআশা, সত্তা, সুলতানাবিবিয়ানা, আপনমানুষ, রাজনীতি, রংবাজ, ককপিট, ঢাকাঅ্যাটাক, দুলাভাইজিন্দাবাদ, অন্তরজ্বালা ছবিগুলো ৮০ থেকে ১৫০টি, কোনো কোনোটি প্রায় ২০০ হলে প্রদর্শিত হওয়ার পরও ছবির অর্ধেক পুঁজি কোনো কোনোটির এক-তৃতীয়াংশ পুঁজি ফেরত আসেনি। ঢাকাঅ্যাটাক ঢাকায় নির্মিত ফরমুলা ছবির বাইরে একটি ভিন্ন ধরনের ছবি ছিল। ছবিটি বেশ আলোচনায় ছিল। তবে বছরের অন্যতম আলোচিত ছবি ছিল মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ডুব। বলিউডের অভিনেতা ইরফান খান অভিনীত এই ছবিটি দেশে–বিদেশে প্রদর্শীত হয়।
ঢাকায় দুটি সিনেপ্লেক্স, মধুমিতা, শ্যামলী আর বলাকায় যেকোনো ছবি ভালো চললেই টাকা ফেরত আসে না। ঢাকায় ছবিটির ভালো রিসেপশন হলে অন্যান্য জেলা শহরে রেন্টাল ভালো হয়। মুক্তিপ্রাপ্ত যেকোনো ছবির সারা দেশের সিনেমা হল থেকে টাকা তুলে আনতে হয়। কিন্তু ঢাকার বাইরে চট্টগ্রামের পুরবী, রংপুরের শাপলা, যশোরের মনিহার, রাজশাহীর উপহার, পাবনার রূপকথা, বগুড়ার সোনিয়া, সিরাজগঞ্জের রজনীগন্ধা, খুলনার শঙ্খ ও লিবার্টি, কুমিল্লার মধুমতি, ময়মনসিংহের ছায়াবাণী, কিশোরগঞ্জের মানসী, জামালপুরের মনোয়ারা, নারায়ণগঞ্জের নিউ মেট্ট্রো, ডেমরার চাঁদমহল, সাভার সেনানিবাস, গাজীপুরের চন্দ্রিমা, উল্কা, মোহনা, চান্দনা, টঙ্গীর বর্ষা, চম্পাকলী, সিলেটের নন্দিতা, বিজিবিসহ ঢাকার বাইরে ২০-২৫টি সিনেমা হল থেকে শেয়ার মানি ফেরত আসে। দেশের অন্যান্য হল থেকে খুব একটা রেন্টাল আসে না। ঢাকায় নির্মিত ছবির বড় তারকা যাঁদের বলা হয়, বিশেষ করে যাঁদের ছবি দর্শক দেখে থাকে, এমন তারকা শাকিব খানের সত্তা, রাজনীতি, নবাব, রংবাজ, অহংকারসহ পাঁচটি ছবি মুক্তি পেলেও শুধু নবাব ব্যবসা সফল এবং অহংকার ছবির পুঁজি ফেরত এসেছে। অন্যান্য তারকার মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর বাণিজ্যিক অবস্থা ভালো ছিল না। ২০১৭ সালে কলকাতা থেকে দেব, জিৎ, অঙ্কুশ, নুসরাত, কোয়েল মল্লিক অভিনীত তোমাকেচাই, হরিপদব্যান্ডওয়ালা, পোস্ত, ওয়ান, বলদুর্গামাঈকী, ইয়েতিঅভিযান, ককপিটছবি সাফটা চুক্তির আওতায় আমদানি করে মুক্তি দেওয়া হয়। ছবিগুলোর প্রদর্শনীতে দর্শকের সংকট দেখা গেছে।
২০১৭ সালে ২৬ জন নতুন নির্মাতার ছবি মুক্তি পেয়েছে। এই নির্মাতাদের মধ্যে কারও কারও ছবিকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে সংজ্ঞায়িত করা যাবে না। দু-একজন মূলধারার চলচ্চিত্র নির্মাতা বা বাণিজ্যিক বিনোদন ছবির নির্মাতা হিসেবে স্বীকৃতি পেলেও বেশির ভাগ নির্মাতার ছবিকে দর্শক প্রত্যাখ্যান করেছে। মানসম্পন্ন ছবির নির্মাতা হিসেবে তাঁদের কেউ দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারেননি। চলচ্চিত্রশিল্পে জ্যেষ্ঠ নির্মাতাদের আশা ছিল নতুন নতুন পরিচালক প্রযুক্তি ব্যবহার করে ভালো বিনোদন ও মানসম্পন্ন ছবি নির্মাণ করবেন। কিন্তু কয়েক বছর ধরে চলচ্চিত্রে বিরাজমান যে বাণিজ্যিক ব্যর্থতা চলে আসছে, এ বছরও তার উত্তরণ ঘটেনি। সংখ্যার দিক থেকে এ বছর ২৯ ডিসেম্বর পর্যন্ত শিডিউল অনুযায়ী মুক্তি পেলে ৬১টি ছবি প্রদর্শিত হবে সারা দেশের প্রেক্ষাগৃহে। বিনোদনমূলক ভালো বাণিজ্যিক ছবির সংকটের কারণে দর্শক হলে যাচ্ছে না। অন্যদিকে প্রেক্ষাগৃহের মালিকেরা প্রতিবছর বিনোদননির্ভর ভালো ছবির অভাবে প্রদর্শন ব্যবসায় লোকশান দিতে দিতে সিনেমা হল বন্ধ করে দিচ্ছেন।
লেখক: চলচ্চিত্র গবেষক ও শিক্ষক