বিনোদিনীর ৭৫
ঢাকার মঞ্চে আলোচিত একক নাটক বিনোদিনীর ৭৫তম প্রদর্শনী আজ। সন্ধ্যা সাতটায় শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় এই নাটকের বিশেষ প্রদর্শনী হবে। নাসির উদ্দীন ইউসুফ নির্দেশিত নাটকটির গবেষণা ও গ্রন্থনা করেছেন সাইমন জাকারিয়া; আর গবেষণা ও নির্দেশনা উপদেষ্টা ছিলেন অধ্যাপক সেলিম আল দীন। নাটকটিতে একক অভিনয় করেছেন মঞ্চকুসুম শিমূল ইউসুফ। এই বিশেষ প্রদর্শনী প্রসঙ্গে নাসির উদ্দীন ইউসুফ বলেন, ‘আমি মনে করি, এই বিশেষ ৭৫তম প্রদর্শনী আরও আগেই হতে পারত। এর মাঝখানে ঢাকা থিয়েটার নিমজ্জন ও ধাবমান নাটক দুটি মঞ্চে আনার কারণে সম্ভব হয়নি।’ প্রথম মঞ্চায়ন থেকেই দর্শক-জনপ্রিয়তা পায় নাটকটি। ইতিমধ্যে নাটকটি ফিলিপাইনের বিশ্বনাট্য থিয়েটার অলিম্পিকসে, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরার বিশ্ব মনোড্রামা উত্সবে, ভারতের ন্যাশনাল স্কুল অব ড্রামা উত্সবে; ত্রিপুরা, দিল্লি কলকাতায় নাটকটি মঞ্চস্থ হয়েছে। শুধু কলকাতায়ই নাটকটি পাঁচবার প্রদর্শিত হয়েছে।বিনোদিনীর আত্মজীবনী মঞ্চাভিনয় নিয়ে নাটকটিতে অভিনয় করেছেন শিমূল ইউসুফ। ৭৫তম বিশেষ প্রদর্শনীতে দর্শকের প্রতি কৃতজ্ঞতার কথা জানিয়ে শিমূল বলেন, ‘১৩০ বছর আগেকার বিনোদিনী দাসীর জীবন নিয়ে হয়তো অনেকেই কথা বলেন। কিন্তু তাঁর শিল্পজীবনের খোঁজ অনেকেই রাখেন না। আমি সেই শিল্পজীবনী নিয়ে মঞ্চে অভিনয় করছি। দর্শকদের জানাতে পারছি। এটাও আমার কাছে বড় পাওয়া।’