বিনোদের শেষকৃত্য সম্পন্ন

অমর হলেন ‘অমর’। সত্তরের দশকের জনপ্রিয় ছবি অমর আকবর অ্যান্থনি-এর ‘অমর’, তথা বলিউডের অন্যতম সুপারস্টার বিনোদ খান্না চলে গেলেন। গত বৃহস্পতিবার ভারতের মুম্বাইয়ের ওরলিতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। ‘অমর’-এর শেষকৃত্যে উপস্থিত ছিলেন ‘অ্যান্থনি’ ও ‘আকবর’ তথা অমিতাভ বচ্চন ও ঋষি কাপুর। আরও উপস্থিত ছিলেন গুলজার, সুভাষ ঘাই, সরোজ খান, উদিত নারায়ণ, জ্যাকি শ্রফ, অভিষেক বচ্চন, দিয়া মির্জা, রণদীপ হুডা প্রমুখ।

বৃহস্পতিবার বেলা ১১টা ২০ মিনিটে মুম্বাইয়ের স্যার এইচ এন রিলায়েন্স হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করলেন বিনোদ খান্না। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারের মতো দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, শরীরে পানির পরিমাণ কম হওয়ায় বিনোদ খান্নার মৃত্যু হয়েছে।
বিনোদ খান্নার মৃত্যুতে শোকাহত অভিনেতা শত্রুঘ্ন সিনহার সঙ্গে যোগাযোগ করা হলে কথা হয় তাঁর ম্যানেজারের সঙ্গে। তিনি বলেন, ‘বিনোদ খান্নার মৃত্যুর খবরে ভেঙে পড়েন শত্রুঘ্ন সিনহা। তিনি তড়িঘড়ি করে বেরিয়ে গেছেন। এমনকি নিজের মোবাইল ফোনটিও নিতে ভুলে গেছেন।’
অভিনেতা সনু সুধ শুটিংয়ের জন্য এখন মুম্বাইয়ের বাইরে। ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘দাবাং ছবিতে বিনোদজির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিল দারুণ। তিনি এতটাই সহজ যে কখনোই মনে হয়নি কত বড় সুপারস্টারের সঙ্গে কাজ করছি।’ প্রবীণ অভিনেতা ও চিত্র পরিচালক টিনু আনন্দ অতীতের কথা মনে করে বলেন, ‘বিনোদের সঙ্গে আমার পরিচয় ষাটের দশকে। তখন আমরা দুজনই কলেজে পড়তাম। আমি সেন্ট জেভিয়ার্সে পড়তাম। ওর কলেজের নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। বিনোদ ছিল প্রাণবন্ত আর মিশুক স্বভাবের। সত্যি বলতে, বলিউডের অন্যতম সুপুরুষ ছিল ও।’ বিনোদ খান্নার ঘনিষ্ঠজন গায়ক সুরেশ ওয়াদকর বলেন, ‘বিনোদজি আমার বড় ভাইয়ের মতো ছিলেন। আমাকে অত্যন্ত স্নেহ করতেন। তিনি অত্যন্ত সাদামাটা জীবন যাপন করতেন। কার্পেটের ওপর বালিশ নিয়ে শুয়ে পড়তেন। বিনোদজি অসম্ভব ভালো রাঁধুনিও ছিলেন। তাঁর হাতের পাঁঠার মাংস লা-জবাব।’ সুরেশ আরও বলেন, ‘আমি প্রথম রাহুল দেববর্মনের সুরে বিনোদ খান্নার লিপে কুদরত ছবিতে গান গাই। আর চাঁদনি সিনেমার সেই বিখ্যাত গান “লাগি আজ শাওন কি” গানটি তাঁর ঠোঁটেই সুপার হিট হয়।’