বিন্দু আউট মৌটুসী ইন
তরুণ নির্মাতা রাফায়েল আহসানের প্রথম ছবি ‘৬৯ পাতলা খান লেন’-এ শুরু থেকে অভিনয় করার কথা ছিল লাক্স তারকা বিন্দুর। কিন্তু শেষ পর্যন্ত ছবিটিতে তাঁর কাজ করা হচ্ছে না। তাঁর জায়গায় কাজ করছেন টিভি অভিনেত্রী মৌটুসী। গত সোমবার আনুষ্ঠানিকভাবে মৌটুসী ছবিটিতে কাজ করবেন বলে চূড়ান্ত হয়। পরিচালক সূত্রে জানা গেছে, মৌটুসী আগামী ২৫ অক্টোবর থেকে ৬৯ পাতলা খান লেন ছবির শুটিংয়ে অংশ নেবেন। ছবিতে মৌটুসীকে দেখা যাবে ফেরদৌসের বউ হিসেবে। আর এ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো চলচ্চিত্রে অভিনয় করছেন মৌটুসী। এর আগে মৌটুসী মোস্তফা সরয়ার ফারুকীর ব্যাচেলর ছবিতে অভিনয় করেছিলেন। ছবির গল্পটা আবর্তিত হয়েছে ফেরদৌসকে কেন্দ্র করে।মৌটুসীকে নেওয়া প্রসঙ্গে পরিচালক রাফায়েল বলেন, ‘এটা ঠিক যে আগে থেকে ছবিটিতে কাজ করার কথা ছিল বিন্দুর। কিন্তু এরই মধ্যে কিছু জটিলতার কারণে বিন্দুর সঙ্গে আর কাজ করা হয়নি আমাদের। ঠিক সেই মুহূর্তে আমরা এ চরিত্রটিকে ফুটিয়ে তোলার জন্য এমন একজনকে খুঁজছিলাম, যা মৌটুসীকে দিয়ে সম্ভব। তাই সবকিছু বিবেচনা করেই তাঁকেই চরিত্রটির জন্য চূড়ান্ত করা হয়েছে।’পরিচালক সূত্রে আরও জানা গেছে, ডিজিটাল ফরম্যাটে নির্মিত ছবিটি পরে ৩৫ মিলিমিটারে ট্রান্সফার করা হবে। ছবিটিতে প্রধান চিত্রগ্রাহক হিসেবে কাজ করছেন মুম্বাইয়ের কার্তিক গণেশ। পয়লা বৈশাখ ছবিটি মুক্তি পেতে পারে।