বিন্দুর আসিফ বন্দনা

‘সবার আশীর্বাদে অনেক ভালো আছি। সবাই আমাকে শুধু ভালোই বাসে না, অনেক দোয়াও করে। এ জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। এর বেশি আর কিছু বলারও নেই। এক কথায় বলতে পারি, ভাগ্য আমার অনেক ভালো। সত্যিই, আসিফের (বিন্দুর স্বামী আসিফ সালাউদ্দিন) মতো মানুষই হয় না।’ প্রথম বিবাহবার্ষিকীতে প্রথম আলোর সঙ্গে আলাপে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে কথাগুলো বলছিলেন অভিনেত্রী বিন্দু।
গত ২৪ অক্টোবর ছিল বিন্দুর প্রথম বিবাহবার্ষিকী। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্বামীর সঙ্গে বিন্দু তাঁর প্রথম বিবাহবার্ষিকী পালন করেছেন। এ সময় বিন্দুর পরিবারের অন্য সদস্যরাও সঙ্গে ছিলেন। ছিলেন বিন্দুর সহশিল্পী রোমানা ও তাঁর স্বামীসহ ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুবান্ধবও।
সংসার জীবন কেমন কাটছে জানতে চাইলে বিন্দু বলেন, ‘অনেক ভালো আছি। শ্বশুরবাড়ির সবাই আমাকে এত আদর করেন, যা বলার অপেক্ষা রাখে না। এত আদর পেলে কে না ভালো থাকে বলেন।’
স্বামী সংসার নিয়ে দারুণ আনন্দে থাকলেও দর্শকদের অনেক বেশি মিস করেন বলেও জানিয়েছেন এই অভিনয়শিল্পী।
বছরখানেক আগে বিয়ে করেছেন লাক্স চ্যানেল আই সুপারস্টার খ্যাত অভিনয়শিল্পী বিন্দু। এখন তিনি সংসারের প্রতিই বেশি মনোযোগী। ২০০৬ সালের ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার প্রথম রানারআপ হন তিনি। বিয়ের আগেই দূরে সরে যান টিভি নাটক থেকে। বিয়ের পরও তাঁকে আর সেভাবে টিভিতে দেখা যায়নি। একসময়ের আলোচিত এই অভিনেত্রী ১৫ অক্টোবর স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রে বেড়াতে যান। আজ তাঁদের দেশে ফেরার কথা রয়েছে।
লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় রানারআপ হওয়ার পর নিয়মিত টিভি নাটকে অভিনয় করেছেন বিন্দু। ঢাকাই চলচ্চিত্রেও দেখা গেছে তাঁকে। বিন্দু অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে আছে ‘জাগো’, ‘পিরিতের দোকানদারি’ এবং ‘এই তো প্রেম’। বিন্দু অভিনীত সর্বশেষ নাটকটি প্রচারিত হয় ২০১৪ সালে।