বিন্দুর এক বিন্দু
মেয়েটি দুর্দান্ত সুন্দরী—পাঁচ ফুট সাড়ে ছয় ইঞ্চি লম্বা, কেমন ঢ্যাঙা টাইপের মেয়ে। যখন তিনি অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, তখন চুলে দিলেন রাহুল কাট। কেন তিনি ছেলে হয়ে জন্মালেন না, এ নিয়ে তাঁর দুঃখের শেষ নেই। যথেষ্ট লম্বা হওয়ার কারণে ভেতরে ভেতরে তাঁর বেশ একটা দেমাগ ছিল। কিন্তু দেমাগ খানখান হয়ে গেল উচ্চমাধ্যমিক পর্যায়ে ঢাকা কমার্স কলেজে পড়তে এসে। এখানে তাঁর সহপাঠী নজিয়া নামে আরেক মেয়ে, তাঁর চেয়েও একটু লম্বা, দেখতেও বেশি সুন্দরী। পরে ওই নাজিয়াই হয়ে ওঠেন তাঁর সবচেয়ে কাছের বন্ধু। এভাবে দিন বদলের পালায় পাঁচ ফুট সাড়ে ছয় ইঞ্চি উচ্চতার মেয়েটি যখন দ্বিতীয় বর্ষে উঠলেন, তখনই শিকার হলেন ইভ টিজিংয়ের। ‘কমার্স কলেজের রাস্তায় ৫০-৬০ জন ছেলে প্রতিদিন আমাকে নানাভাবে উত্ত্যক্ত করছে। ভয়ে কাউকে বলতে পারছি না সেসব। ফলে মানসিকভাবে ভেঙে পড়ি এ সময়। খারাপ হয় আমার টেস্ট পরীক্ষার ফল। সেটা ছিল এক ভয়ংকর সময়।’—নিজের জীবনের গোপন কথাগুলো বিন্দু যখন এভাবে বলছিলেন, তখন আমরা যেন দেখে নিতে শুরু করেছি এককালের লাক্স তারকা আফসান আরা বিন্দুর শৈশব, কৈশোর আর প্রথম তারুণ্যের দিনগুলো।বিন্দুর সঙ্গে আড্ডা চলছে বনানীর ১১ নম্বর সড়কের একটি রেস্তোরাঁয়। দিনরাত শুটিংয়ের মধ্য থেকে কিছু সময়ের এই আড্ডায় অকপটে তিনি আমাদের সামনে মেলে ধরেছেন তাঁর জীবন। কিন্তু আমরা কি তাঁর জীবনের গল্প শুনতে এসেছিলাম? বিন্দুর সঙ্গে আড্ডায় আমাদের প্রধান প্রসঙ্গ এই তো প্রেম চলচ্চিত্রে শাকিব খানের সঙ্গে তাঁর অভিনয়। সোহেল আরমান পরিচালিত এই চলচ্চিত্রটির কাজ ২০১০ সালে শুরু হলেও শেষ হয়েছে সম্প্রতি। বাকি আছে শুধু দুটি গানের চিত্রায়ণ। মুক্তির আগেই এই চলচ্চিত্রের গান ‘আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই’ জনপ্রিয় হয়ে আবার পুরোনোও হয়ে গেছে।কথাটি কবুল করলেন বিন্দুও। এর পরই বললেন মজার কথা, ‘তখন আমি সোহেল আরমানের নাইওর নামে একটি ধারাবাহিকে কাজ করছি। ওই সময় সোহেল ভাই আমাকে প্রথম এই গানটি শোনালেন। সে সময় গানটি কেন জানি ভালো লাগেনি। পরে ধীরে ধীরে ভালো লাগতে শুরু করল।’এটুকু বলে ছোট্ট এক টুকরো হাসি। হাসি থামলে এবার বিন্দুকে পেয়ে বসল লম্বা কথার তোড়, ‘তারপর তো ছবিতে অভিনয়ই করলাম। ১৯৭১-এর পটভূমিতে দুই ধর্মের দুজনের প্রেমের কাহিনি এটি। এখানে আমি পুরোহিত-কন্যা। চরিত্রের নাম মাধবী। আর শাকিব খানের চরিত্রের নাম সূর্য। এই ছবিতে খান সাহেবের সঙ্গে অভিনয় করতে গিয়ে মনে হয়েছে তিনি খুব ভালো অভিনেতা। এই তো প্রেম নিয়ে আমি খুব আশাবাদী। কারণ, এখানে অভিনয় করার জন্য আমি প্রচুর হোমওয়ার্ক করেছি, অনেক কষ্ট করেছি।’এক্ষণে বিন্দু বোধ হয় তাঁর কষ্টের ফিরিস্তি দিতে শুরু করবেন—এমনটা যখন ভাবছি, তখনই আবার কথা ফুটল এই তো প্রেম চলচ্চিত্রের মাধবীর মুখে, ‘পরিচালক ছবির শটগুলোকে এত বেশি বাস্তবসম্মতভাবে ধারণ করেছেন যে কাজ করতে গিয়ে অনেক সময়ই হাত-পা কেটে গেছে আমার। এর শেষ দৃশ্যে বালুর ওপর দিয়ে টেনে নিয়ে যাওয়া হয় আমাকে। ফলে টানাটানির তোড়জোড়ে আমার শরীরের বিভিন্ন অংশ গেল ছিলে। তারপর বেশ কয়েক দিন শরীর ব্যথা...হা হা হা—এই আর কী।’বলছেন কষ্টের কথা কিন্তু তাঁর মুখে হাসি! হাসতে হাসতে জানালেন, ‘মিলনাত্মক ও বিয়োগান্তক—ছবির দুই রকম পরিণতিই চিত্রায়ণ করা হয়েছে। শেষ অবধি পরিচালক কোন পরিণতি রাখবেন কে জানে।’চলচ্চিত্রের কথা বলতে বলতে বিন্দুর বলে ফেলা কথামালা ছড়িয়ে পড়েছে নানা বাঁকে। একসময় বললেন, ‘আমাদের বাড়িতে টেলিভিশনে প্রতিদিন ভারতীয় জি বাংলা দেখা হয়। আমার নাটকও মাঝেমধ্যে মিস করে সবাই।’ এরপর নিজেই আবার বলে চললেন, ‘আসলে আমরা যে খারাপ নাটক করি, তা কিন্তু নয়। সমস্যা হলো, ওদের স্ক্রিপ্ট বিন্যাস ও শট বিভাজন আমাদের চেয়ে ভালো। টেনশনটা ওরা অনেক ভালোভাবে সৃষ্টি করতে পারে। ভালো স্ক্রিপ্টের টেলিভিশন নাটকে কাজ করতে চাই আমি।’কথা ছিল বিন্দুর এক বিন্দু—অর্থাৎ তাঁর চলচ্চিত্রাভিনয় নিয়ে কথা বলব। তবে কথায় কথায় তো অনেক কথা আসে। আর আড্ডার এত সব বাতচিতের ভিড়ে বিন্দু নামে যে মেয়েটিকে দেখা যায়, তাঁর শেষ বিন্দুটি কোথায়? উত্তর বিন্দুরও অজানা।