বিন্দুর জ্বর ১০৪ ডিগ্রি
১০৪ তাপমাত্রার জ্বর নিয়ে চাঁদ রাত পর্যন্ত কাজ করেছেন বিন্দু। নাটকের নাম অ্যালিয়ন এসেছিল। গত সোমবার থেকে জ্বরে আক্রান্ত তিনি। ঈদের নাটকের কাজের চাপের কারণে শুরু থকেই বিশ্রাম নিতে পারেননি। গতকাল মঙ্গলবার রাতে বাসায় ফিরেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। আজ বুধবার সকালে মুঠোফোনে বিন্দু জানান, জ্বরের কারণে এবার ঈদের আনন্দ উপভোগ করতে পারছেন না তিনি। মঙ্গলবার শুটিং থেকে ফেরার পর আর বিছানা থেকে উঠতে পারছেন না। চিকিত্সকের পরামর্শ নিয়েছেন। চিকিত্সকের কথা অনুযায়ী আগামী সাতদিন তাঁকে এই জ্বরে ভুগতে হতে পারে।বিন্দু বলেন, ‘জ্বরের কারণে শরীরে প্রচণ্ড ব্যথা অনুভব করছি। ঈদ উপলক্ষে বাসায় অনেক বন্ধু ও আত্মীয়স্বজন আসছেন। কারও সঙ্গেই দেখা করতে পারছি না। কথা বলতেও কষ্ট হচ্ছে। আমার ভাগ্যটাই খারাপ। গত বছর ঈদের পাঁচদিন আগে আমাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। এবার তো ঈদটাই পণ্ড হয়ে গেল।’ তিনি সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।