বিপদাপন্ন পিতা এমরানের পাশে যুবরাজ সিং

বলিউডের অভিনেতা এমরান হাশমির ৪ বছরের শিশুপুত্র আয়ান হাশমি ক্যানসারে আক্রান্ত। আয়ানকে সুস্থ করে তুলতে যুক্তরাষ্ট্র যাওয়ার পরিকল্পনা করছেন এমরান, আর তাঁর এ বিপদে পাশে এসে দাঁড়িয়েছেন ক্যানসারের সঙ্গে যুদ্ধে জয়ী ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং।
এর আগে যুক্তরাষ্ট্রে কেমোথেরাপি নিয়ে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছিলেন ফুসফুসে ক্যানসার-আক্রান্ত ক্রিকেটার যুবরাজ সিং। যুক্তরাষ্ট্রে আয়ানের চিকিত্সার জন্য এমরানের প্রতি সব ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা এই তারকা ক্রিকেটার।
এদিকে, ছেলেকে বাঁচাতে মরিয়া হয়ে উঠেছেন ‘ঘনচক্কর’ তারকা এমরান। শিগগির উন্নত চিকিত্সার জন্য ছেলে আয়ানকে নিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন ৩৪ বছর বয়সী এ বিপদাপন্ন পিতা।
সম্প্রতি আয়ানের শরীরে ক্যানসার ধরা পড়েছে বলে নিশ্চিত করেছেন এমরান হাশমির চাচা ও বলিউডের প্রখ্যাত চলচ্চিত্রনির্মাতা মহেশ ভাট।
মহেশ ভাট জানিয়েছেন, আয়ানকে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আয়ানের ক্যানসার প্রাথমিক পর্যায়ে রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
এদিকে, এক ঘনিষ্ঠ সূত্রের বরাতে মিড-ডে ডটকম জানিয়েছে, আয়ানের কিডনিতে টিউমার শনাক্ত হওয়ার পর প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হয়। স্বাস্থ্য পরীক্ষার ফলাফল থেকে জানা যায়, ক্যানসার ছড়িয়ে পড়তে শুরু করেছে আয়ানের শরীরে, আর এজন্য আয়ানের কিডনি থেকে দ্রুত টিউমার অপসারণের সিদ্ধান্ত নেন চিকিত্সকেরা। গত সপ্তাহে অস্ত্রোপচারের মাধ্যমে সফলভাবে টিউমারটি অপসারণ করা হয়।
অস্ত্রোপচার সফল হওয়ার পর ক্যানসারের চিকিত্সার জন্য আয়ানকে যুক্তরাষ্ট্র পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। শিগগির যুক্তরাষ্ট্রের উদ্দেশে ছেলেকে নিয়ে মুম্বাই ছাড়বেন এমরান। সেখানে কেমোথেরাপি নেবে ছোট্ট আয়ান।