বিপাকে আদনান সামি
এবার মহা বিপদে পড়েছেন সংগীতশিল্পী আদনান সামি। তাঁর অপরাধ, তিনি বিদেশি নাগরিক হয়েও ভারতের মুদ্রা নিয়ন্ত্রণ আইন (ফেমা) উপেক্ষা করে এবং রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার অনুমতি ছাড়াই মুম্বাইতে বেআইনিভাবে সম্পদ গড়েছেন। এ কারণে ভারতের এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি) আদনান সামির মুম্বাইয়ের আটটি ফ্ল্যাট ও পাঁচটি গাড়ি রাখার গ্যারেজ বাজেয়াপ্ত করেছে। একই সঙ্গে তাঁকে ২০ লাখ রুপি জরিমানা করেছে। ২০০৩ সালে আদনান সামি মুম্বাইয়ের অভিজাত এলাকা আন্ধেরির লোখান্ডওয়ালা কমপ্লেক্সের ওবেরয় স্কাই গার্ডেন হাউজিং সোসাইটির আটটি ফ্ল্যাট কিনেছিলেন দুই কোটি ৫৩ লাখ রুপির বিনিময়ে। ২০০৮ সালে ওই ফ্ল্যাটের মধ্য থেকে তিনি পাঁচটি ফ্ল্যাট ও তিনটি গ্যারেজ স্ত্রী সাবা গালাদারিকে উপহার হিসেবে দিয়েছিলেন। সাবা সৌদি আরবের নাগরিক। ইডির অভিযোগ, ‘বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন, ২০০০’ ভঙ্গ করে সামি এই সম্পত্তি ক্রয় ও হস্তান্তর করেছেন। এই আইনে পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, চীন, ইরান, নেপাল, ভুটানের কোনো নাগরিক ভারতের রিজার্ভ ব্যাংকের অনুমতি ছাড়া সম্পত্তি ক্রয় বা হস্তান্তর করতে পারেন না। আদনান সামির আইনজীবী বৈভবকৃষ্ণ জানিয়েছেন, এ ব্যাপারে দু-এক দিনের মধ্যেই তাঁরা যথাযথ ফোরামে আবেদন করবেন।প্রসঙ্গত, আদনান সামি পাকিস্তানি বংশোদ্ভূত নাগরিক হলেও এখন তিনি কানাডার পাসপোর্ট নিয়ে ভারতে অবস্থান করছেন।