বিপাকে জ্যাকি চ্যান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সশস্ত্র অপরাধীচক্রের সদস্যদের হাত থেকে নিজেকে রক্ষার জন্য একাধিক আগ্নেয়াস্ত্র এমনকি গ্রেনেডও নিজের সঙ্গে রাখতেন বলে এক সাক্ষাত্কারে জানিয়েছিলেন হংকংয়ের ডাকসাইটে অ্যাকশন তারকা জ্যাকি চ্যান। জ্যাকির কয়েক বছর আগের সেই বক্তব্যের কারণে পুলিশি তদন্তের প্যাঁচে পড়তে যাচ্ছেন ‘রাশ আওয়ার’খ্যাত ৫৮ বছর বয়সী এ অভিনেতা। জ্যাকির সেই বক্তব্যের সত্যতা নিশ্চিত করতে এবং সত্যি হয়ে থাকলে তাঁর সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্রগুলোর লাইসেন্স ছিল কি না তা তদন্ত করার পরিকল্পনা করছে হংকং পুলিশ। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে চাইনিজ পত্রিকা ‘গ্লোবাল টাইমস’। বক্তব্য সত্য প্রমাণিত হলে জ্যাকি কখনো আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করেছিলেন কি না তা খতিয়ে দেখবে পুলিশ। যদি এমন কোনো আবেদনের অস্তিত্ব পাওয়া না যায়, তাহলে হংকংয়ের আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন অনুযায়ী প্রায় ১৩ হাজার ডলার জরিমানার পাশাপাশি ১৪ বছরের কারাদণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে জ্যাকির। বক্তব্য সত্য প্রমাণিত না হলেও তিনি যে পার পেয়ে যাবেন তা কিন্তু নয়। সেক্ষেত্রে জনসমক্ষে ভ্রান্ত তথ্য প্রকাশের অভিযোগে ঝামেলায় পড়তে হতে পারে তাঁকে। এ প্রসঙ্গে হংকং পুলিশের এক মুখপাত্র বলেন, ‘যেহেতু জ্যাকি একজন তারকা, কাজেই তাঁর বক্তব্যের সত্য-মিথ্যা যাচাইয়ের পাশাপাশি তিনি আগ্নেয়াস্ত্রের কোনো রকম অপব্যবহার করেছেন কি না তা খতিয়ে দেখাটা খুবই গুরুত্বপূর্ণ।’কয়েক বছর আগে চীনের ‘সাউদার্ন পিপল উইকলি’কে দেওয়া সাক্ষাত্কারে জ্যাকি বলেছিলেন, ‘একটা সময়ে হংকংয়ের অনেক অভিনেতাকেই উত্ত্যক্ত করতো মাফিয়া গ্যাংয়ের সদস্যরা। একমাত্র আমিই তাঁদের মুখোমুখি হওয়ার সাহস দেখিয়েছিলাম। একবার নৈশভোজ করার সময় আমাকে ঘিরে ধরেছিল সশস্ত্র অপরাধীচক্রের অন্তত ২০ জন সদস্য। তখন আমার কাছে তিনটি আগ্নেয়াস্ত্র ছিল। সেগুলোর ভয় দেখিয়ে আমি তাঁদেরকে বলেছিলাম, এই মুহূর্তে চোখের সামনে থেকে দূরে সরে যাও। পরবর্তী সময়ে আমি আগ্নেয়াস্ত্রের পাশাপাশি একাধিক গ্রেনেডও সঙ্গে রাখতাম।’সম্প্রতি পুলিশি তদন্তের বিষয়টি জানার পর আত্মপক্ষ সমর্থন করে জ্যাকি বলেছেন, ‘সত্যি বলতে কি, অজ্ঞতাবশত সহিংসতা প্রতিরোধ করতে সহিংস পথ বেছে নিতে চেয়েছিলাম আমি। এজন্য নিজের উগ্র আচরণের কথা জনসমক্ষে বলে ফেলেছিলাম।’ জ্যাকি আরও বলেন, ‘অনেক সময় নিজেকে ঠিকমতো প্রকাশ করতে পারি না আমি। সেই বক্তব্যের মধ্য দিয়ে আমি আসলে মানুষের জীবনে শৃঙ্খলার গুরুত্বকে তুলে ধরতে চেয়েছিলাম। দেশের সরকার যাতে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সচেষ্ট থাকে—এমন ভাবনা থেকেও কথাগুলো বলেছিলাম। আমি জানি, এখন যত বেশি ব্যাখ্যা দেব, তত বেশি প্রশ্ন উঠবে আমাকে ঘিরে।’প্রসঙ্গত, আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে হংকং পুলিশের কঠোর অবস্থানের কারণে সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে অপরাধ ঘটানোর হার নাটকীয়ভাবে কমে গেছে। এর পরিপ্রেক্ষিতে কেউ কেউ মন্তব্য করেছেন, আসলে আগ্নেয়াস্ত্র দমনে নিজেদের সাফল্যের প্রচারণা চালাতেই জ্যাকি চ্যানকে ব্যবহার করতে চাচ্ছে পুলিশ।