বিপাকে সালমান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি গিল্ড পুরস্কার প্রদান অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেছেন বলিউডের অভিনেতা সালমান খান। কিন্তু প্রথমবারের মতো এ ধরনের অনুষ্ঠান সঞ্চালনা করতে গিয়ে একটু ঘাবড়েই গিয়েছিলেন এই ‘দাবাং’ তারকা। এ প্রসঙ্গে সালমানের ভাষ্য, ‘প্রথম কোনো কাজ করার সময় সবার ভেতরেই শঙ্কা কাজ করে। আমার ক্ষেত্রেও তা-ই হয়েছে।’ সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ। সালমান বলেন, ‘এ ধরনের অনুষ্ঠান সঞ্চালনা করতে কেমন লাগে তা অনুভব করতেই দায়িত্বটি কাঁধে তুলে নিয়েছিলাম। কাজ করে বুঝলাম, এটা বেশ কঠিন। অনেক কিছু মনে রাখতে হয়। খুব সতর্কতার সঙ্গে অন্যের কথা শুনতে হয়। কাজটি করার সময় কোনোভাবেই অন্যমনস্ক হওয়ার সুযোগ নেই।’ যশরাজ স্টুডিওতে ১৬ ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হয়েছে এ বছরের গিল্ড পুরস্কার প্রদান অনুষ্ঠান। কালো রঙের স্যুট পরে সেখানে হাজির হয়েছিলেন সালমান। তাঁর প্রাণবন্ত উপস্থাপনা উপভোগ করেছেন উপস্থিত সবাই।