বিপাকে ‘জিসম ২’!
অনিশ্চিত হয়ে পড়ল পূজা ভাট পরিচালিত ‘জিসম ২’ ছবির মুক্তি। সাহসী আর খোলামেলা সব দৃশ্য সংযোজনের কারণে সম্প্রতি ছবিটি আটকে দিয়েছে ভারতীয় সেন্সর বোর্ড। ‘জিসম ২’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে অভিষেক হয়েছে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন পর্নো অভিনেত্রী ও মডেল সানি লিওনের। পোস্টার ও প্রচারণামূলক প্রোমোতে উত্তেজক সব দৃশ্যের কারণে এরই মধ্যে নানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে ‘জিসম ২’। ছবিটি মুক্তির দিন ধার্য করা হয়েছিল আগামী ৩ আগস্ট। কিন্তু সম্প্রতি ছবিটি দেখে প্রচণ্ড নাখোশ হয়েছে ভারতের সেন্সর বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন। মাত্রাতিরিক্ত খোলামেলা সব দৃশ্যের কারণে ছবিটিকে ছাড়পত্র দেয়নি সেন্সর বোর্ড কর্তৃপক্ষ।সেন্সর বোর্ডের পক্ষ থেকে ‘জিসম ২’ ছবির সব ঘনিষ্ঠ এবং আবেগঘন দৃশ্যের স্পষ্টতা অন্তত ৫০ শতাংশ কমিয়ে ফেলার নির্দেশনা দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে ওয়ান ইন্ডিয়া জানিয়েছে, ছবিটিকে অবশ্যই ছাড়পত্র দেওয়া হবে। তবে, তার আগে সেন্সর বোর্ডের নির্দেশনা অনুযায়ী কাটাছেঁড়া করে পরিবর্তনগুলো আনতে হবে পূজা ভাটকে।এখন দেখার বিষয় হলো, পূজা ভাট সেন্সর বোর্ডের নির্দেশনা মেনে নেন কি না। উল্লেখ্য, নয় বছর আগে ‘জিসম’ ছবি নিয়েও ঠিক একই ধরনের ঝামেলায় পড়েছিলেন পূজা ভাট।