বিপাশার নতুন প্রেম!
দীর্ঘদিনের প্রেমিক ও বলিউডের অভিনেতা জন আব্রাহামের সঙ্গে সম্পর্ক চুকেবুকে যাওয়ার পর থেকে একাকী জীবন বেছে নিয়েছেন বলেই দাবি করে আসছিলেন বাঙালি বংশোদ্ভূত বলিউডের অভিনেত্রী বিপাশা বাসু। তবে তাঁর জীবনে নতুন মনের মানুষের আগমন ঘটেছে বলে সম্প্রতি খবর চাউর হয়েছে। আর তাঁর নতুন প্রেমিক হিসেবে উচ্চারিত হচ্ছে ‘লাভ স্টোরি ২০৫০’খ্যাত বলিউডের অভিনেতা হারমান বাওয়েজার নাম। বলিউডের চিরাচরিত প্রেমের রীতি মেনে হারমানের সঙ্গে প্রেমের বিষয়টি স্বীকার না করলেও তাঁকে নিজের জীবনের অংশ বলে জানিয়েছেন বঙ্গসুন্দরী বিপাশা। সম্প্রতি এক খবরে এ তথ্য দিয়েছে ‘জিনিউজ’। এ ছাড়া ইদানীং হারমানের সঙ্গে বিপাশার সখ্য নজর কেড়েছে সবার। এখন পর্যন্ত বেশ কয়েকবার একসঙ্গে দেখা গেছে এ জুটিকে। সে সময় তাঁদের সঙ্গে ছিলেন বিপাশার সবচেয়ে কাছের দুই বন্ধু ডিয়ানা পান্ডে ও রকি এস। এসব কারণেই বিপাশা-হারমানের প্রেমের খবর ডালপালা মেলেছে বলিউডকেন্দ্রিক বিভিন্ন সংবাদমাধ্যমে।