বিপাশার প্রশংসায় অপু বিশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইটেম গানের শুটিংয়ের ফাঁকে অপু বিশ্বাস ও বিপাশা কবির
আইটেম গানের শুটিংয়ের ফাঁকে অপু বিশ্বাস ও বিপাশা কবির

অপু বিশ্বাস অভিনীত বেশ কয়েকটি ছবিতে আইটেম গার্ল হিসেবে অভিনয় করেছেন বিপাশা। কিন্তু কখনো নাকি দেখাই হয়নি তাঁদের দুজনের। সম্প্রতি এফডিসির তিন নম্বর ফ্লোরে মনতাজুর রহমান আকবরের মাই ডার্লিং ছবির সেটে দেখা হয় দুজনের। এরপর বিপাশার সঙ্গে দারুণ এক আড্ডায় মেতে ওঠেন অপু। আড্ডা থেকে বিপাশা সম্পর্কে দারুণ এক অভিজ্ঞতা নিয়ে সেট ছাড়েন অপু।

প্রথম আলোকে অপু বলেন, ‘শুনেছি, অনেকগুলো ছবিতেই আইটেম কন্যা হিসেবে পারফর্ম করছে বিপাশা। তারই সুবাদে আমি অভিনয় করেছি এমন কয়েকটি ছবিতেও আইটেম গার্ল হিসেবে অংশ নেয় বিপাশা। কিন্তু মজার একটা সত্য কথা হচ্ছে, আমি কখনোই আইটেম গানের শুটিং দেখিনি আর বিপাশার সঙ্গে তো নয়ই।’

অপু আরও বলেন, ‘এবারই প্রথম আইটেম গানের শুটিং দেখা এবং আইটেম কন্যা হিসেবে পরিচিত বিপাশার সঙ্গেও দেখা হলো। বিপাশার সঙ্গে কথা বলে আমি রীতিমতো মুগ্ধ। আমার ধারণাই ছিল না, বিপাশা এত সুন্দর করে কথা বলে! তা ছাড়া তার আচরণও আমার কাছে ছিল মুগ্ধ করার মতো। চলচ্চিত্রের প্রতি তার আগ্রহ তাকে অনেক দূর নিয়ে যাবে। তার জন্য আমার অনেক অনেক শুভকামনা।’

মাই ডার্লিং ছবির আইটেম গান প্রসঙ্গে অপু বলেন, ‘মাই ডার্লিং ছবিতে একটি আইটেম গানে অংশ নিয়েছে বিপাশা। তার সঙ্গে আরও আছেন অমিত হাসান। ছবির গল্পের প্রয়োজনে আমি সেই আইটেম গানের দর্শক। বাড়ি থেকে পালিয়ে সেই আইটেম গান দেখতে যাই আমি।’